সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে: জামায়াত আমির

news-image

ঝালকাঠি প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যদি কেউ পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করতে এলে বলবেন, শফিকুর রহমানের নামেই মামলা করুন।’

আজ শুক্রবার জুমার নামাজের পর শহরের ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।’

তিনি বলেন, ‘এদেশের যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে যাওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহর বিধান অনুযায়ী দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে সবার জন্য সমান বিচার থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।’

অভিযোগ করে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে বিচারহীনতা ও বৈষম্য বেড়েছে। তার দাবি, বর্তমানে বিচার ব্যবস্থায় টাকার প্রভাব ও ক্ষমতার দাপট বেশি কাজ করছে।

জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বিচারব্যবস্থা চাই যেখানে সাধারণ মানুষের মতো ক্ষমতাবানদেরও একই আইনের আওতায় আনা হবে। অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না।’

দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই অর্থ জনগণের সম্পদ। তা ফিরিয়ে আনতে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে বঞ্চিত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা নয়, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি তরুণদের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

নারীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, তারা এমন বাংলাদেশ গড়তে চান যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং তাদের সম্মানের নিশ্চয়তা থাকবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

ঝালকাঠি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার