সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফেসবুকে গত সপ্তাহে বাংলাদেশ থেকে ছড়ানো দুই শর মতো ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে।

রিউমর স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিসল্যাব, বাংলা ফ্যাক্ট ও দ্য ডিসেন্ট এর তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, গত সাত দিনে ১৯০টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তার মধ্যে ৯৩টি নির্বাচনকে কেন্দ্র করে। এর মধ্যে ২৯টি রয়েছে তারেক রহমানকে নিয়ে। তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভুয়া তথ্যের শিকার হয়েছেন।

বিএনপির চেয়ারম্যানের পর সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়েও ছড়ানো হয়েছে ভুয়া তথ্য।

তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ও ভুয়া উদ্ধৃতি দিয়ে প্রচার করা হয়েছে। এর মধ্যে মেয়ে জাইমা রহমানের বিয়ে প্রসঙ্গে তারেক রহমানের ভুয়া মন্তব্যের একটি ফটোকার্ড ছড়ানো হয় একটি সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে। তবে যাচাইয়ে দেখা যায়, সংবাদমাধ্যমটি এমন কোনো ফটোকার্ডই প্রকাশ করেনি।

আরেকটি ঘটনায় তারেক রহমান পুরনো ও ছেঁড়া জুতা পরে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন-এমন দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা যায়, তার নাইকি ব্র্যান্ডের জুতাটি ছেঁড়া নয়। এটি নাইকি ব্র্যান্ডের একটি জুতা, যার আউটার সোলের নকশাই এমন।

তারেক রহমানের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি ও বিএনপিতে যোগদানের দাবিতে একটি ছবিও প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি।

এ ছাড়া ‘দুই দেশের নাগরিকত্ব থাকার পরও তারেক রহমানকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে কেন’-এমন শিরোনামে পুলিশের বক্তব্য দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়। এটিও এআই দিয়ে তৈরি করা।

তারেক রহমান নতুন ফেসবুক পেজ খুলে সবাইকে ফলো করার আহ্বান জানিয়েছেন-এমন দাবিতে একটি ডিপফেক ভিডিও প্রচার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তার পুরনো একটি ভিডিওর ভিন্ন দৃশ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

এদিকে শেখ হাসিনাকে নিয়ে গত সপ্তাহে ৯টি ভুল তথ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে নিয়ে ৭টি ভুয়া তথ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ৬টি ভুল তথ্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে ৫টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ৪টি ভুয়া তথ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪টি ভুল তথ্য, এনসিপির নেতা কুমিল্লা–৪ আসনে প্রার্থী হাসনাত আবদুল্লাহকে নিয়ে ৪টি ভুল তথ্য, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে নিয়ে ৩টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর নিয়ে উদ্বেগ ছিল সব মহল থেকে। ফ্যাক্ট চেকিংয়েও দেখা যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে ভূরি ভূরি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

গত সপ্তাহে যে ১৯০টি ভুয়া তথ্য শনাক্ত হয়েছে, তার মধ্যে রিউমর স্ক্যানার শনাক্ত করেছে ১২৬টি, ফ্যাক্ট ওয়াচ ২৩টি, ডিসমিসল্যাব ১৫টি, বাংলা ফ্যাক্ট ১৫টি, দ্য ডিসেন্ট ১১টি। তবে মোট শনাক্ত ভুয়া তথ্যের ৯৩টি নির্বাচন নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার