শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ১১ ঘণ্টা পর সেই বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ‘জাবালে নূর টাওয়ার’ নামে একটি ১০ তলা আবাসিক ভবনে আগুন লেগে পুড়ে গেছে বেইজমেন্টে থাকা কাপড় ও ঝুট।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুনের ধোঁয়ায় ঘুম ভাঙে ভবনের ২য় তলা থেকে ৮ম তলায় থাকা লোকজনের। কিছু বুঝে ওঠার আগে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে ভবনের সব কামরায়। ছেলে মেয়ে আর নিজেরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকেই আটকা পড়ে ভবনে।

খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এরপর পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিস যোগ দেয়। তবে আগুনের পরিমাণ সামাল দিতে না পেরে মোট ২০টি ইউনিট যুক্ত হয়। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময়ভবনটির ভেতরে আটকা পড়া ৪৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুনে ভবনটির বেসমেন্টের গোডাউনে থাকা কয়েক লক্ষাধিক টাকার ঝুট ও শীতের জন্য আমদানি করা কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

ভবনে বসবাসকারী বাসিন্দাদের অভিযোগ, আবাসিক ভবন হলেও এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

আগুনের খবরে ছুটে আসা কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, ‘ভবনটি রাজউকের অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আগুনের বিষয়ে শনিবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে এগারো ঘণ্টা লেগেছে। নিয়ন্ত্রণে এলেও আমাদের এই আগুনটা পুরোপুরি নির্বাপনে আমাদের আগামীকাল পর্যন্ত সময় লাগবে। কারণ ভবনে থাকা মালামাল গুলো ধাপে ধাপে বের করা হচ্ছে। এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের তাপমাত্রা কমতে থাকবে কারণ এখানে কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটার খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে, সুতরাং পুরা এরিয়াটাই আচ্ছন্ন হয়ে যায়। বেইসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরের আগুন প্রায় নিয়ন্ত্রণে। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না।’

‎কিভাবে আগুন লাগলো ও হতাহত আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা আগুন লাগার কারণ খুঁজে বের করতে পারিনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

‎তিনি আরও বলেন, ‘‎আগুন নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি, যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে; আগুন লাগার কারণ তদন্ত করে বলতে পারব। ভবনটিতে আমরা নোটিশ দিয়ে গিয়েছে অফিশিয়ালি দুইবার এবং আলাদা করে প্রায় পাঁচবার বলে এসেছি। মালিকের সঙ্গে দেখা করে তখন নোটিশ করা হয়েছিল। সে সময় ভবনটি ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল। এই ভবনটি অপরিকল্পিতভাবে তোলা হয়েছে। এটি অনেক আগের ভবন। অতএব আমরা বলতে পারি এটি সব দিক থেকেই ঝুঁকিপূর্ণ একটি ভবন।’

‎বর্তমানে ভবনটি বসবাসের উপযোগী কি না এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক জানান, আগুনের তাপে এটি অতিমাত্রায় গরম হয়ে যাওয়ায় এটি বসবাসের উপযোগী কি না তা ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করানোর পর বোঝা যাবে।

‎আগুন নিভাতে সময় লাগার কারণ কি প্রশ্নের জবাবে তিনি জানান, ভবনটিতে প্রচুর পরিমাণ ঝুট ও শীতের কাপড় থাকায় এগুলো সরাতে গেলে বারবার আগুন জ্বলে উঠছে ও কালো ধোয়া সৃষ্টি করছে। এজন্য আগুন নিভাতে আরও সময় প্রয়োজন। ভবনটির পাশে আরও ১০তলা ১টি, ২টি পাঁচতলা ও ১টি তিনতলা ভবনসহ ৭টি ভবনের বেইজমেন্ট একসঙ্গে তাই এই আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে। অর্থাৎ রোববার পর্যন্ত সময় লাগবে।