,

ম্যাজিস্ট্রেট এলে টাঙানো হয় নতুন তালিকা, কমে যায় পণ্যের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে শুরু হয় এ অভিযান। এসময় বাজারে কিছুটা হুলুস্থুল পড়ে যায়। ম্যাজিস্ট্রেট বাজারে ঢুকেছেন জানাজানি হওয়ার পর অনেকে মূল্যতালিকা টাঙাতে শুরু করেন। অনেকে আবার আগের তালিকা খুলে নতুন তালিকা টাঙান। প্রায় এক ঘণ্টা ধরে ভ্রাম্যমাণ আদালত বনানী কাঁচাবাজার ঘুরে দেখেন। এসময় দেখা যায় সব দোকানেই অধিকাংশ পণ্যের দাম আরও কম চাওয়া হচ্ছে।

বনানী কাঁচাবাজারে নিয়মিত বাজার-সদাই করা সিরাজুল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট আইলেই সবাই দাম কম চান। ম্যাজিস্ট্রেট গেলেই আবার বাজার আগুন হয়ে যায়। এমন অভিযানে কাম হইবো না। জরিমানা করতে হইবো, শাস্তি দিতে হইবো।’

সিরাজুল ইসলামের কথার সত্যতাও মিলেছে। অভিযান শুরুর দিকে বাজারে অনেক দোকানে বাড়তি দাম চাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই সব দোকানে দাম কমে যায়। নির্ধারিত দরের চেয়েও অনেকে কম দামে পণ্যসামগ্রী বিক্রি করতে শুরু করে দেন।

একই সময় এ বাজারের অনেক দোকানে সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩৩০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। দোকানে মূল্যতালিকাতে এ দাম লিখে রেখেছেন বিক্রেতারা। অথচ সরকার সোনালি মুরগি ২৬২ টাকা কেজি দরে বিক্রি করতে দাম বেঁধে দিয়েছে।

সরকার নির্ধারিত দামের চেয়েও ৬৮ টাকা বেশি দরে মুরগি বিক্রি করেও কোনো জরিমানা গুনতে হয়নি বিক্রেতাদের। প্রাথমিকভাবে দোকানিকে সতর্ক করে দাম সংশোধন করে দিয়েই ফিরেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভাষ্য, ‘প্রথমে সতর্ক করছি। তাদের (বিক্রেতা) জানিয়ে রাখছি যে, আমাদের মনিটরিং টিম নিয়মিত বাজার মনিটরিং করবে। ভবিষ্যতে কোনো হেরফের হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাজারে ক্রেতাদের সঙ্গেও কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা অভিযোগ করেন, অন্যসব বাজারের চেয়ে বনানী কাঁচাবাজারে সব জিনিসের দাম বেশি রাখেন বিক্রেতারা। অনেক দোকানি মূল্যতালিকাও টাঙান না। সরকারের বেঁধে দেওয়া দামের কথা বললে বিক্রেতারা খারাপ ব্যবহার করেন।

ক্রেতাদের এমন অভিযোগ শোনার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বাজারে মাইকিং করে সবাইকে সতর্ক করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, প্রত্যেক ঘণ্টায় বাজার কমিটির মাধ্যমে আমরা বাজার মনিটরিং করবো। মূল্যতালিকা সব দোকানে আছে কি না, সঠিক দাম নেওয়া হচ্ছে কি না, এগুলো আমরা তদারকি করবো। যদি কোনোরকম অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হবে।

এদিকে দাম বেশি রাখা মুরগি দোকানি জরিমানা থেকে রেহাই পেলেও ট্রেড লাইসেন্স না থাকায় ভাই ভাই মুরগির দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নানা অনিয়মে মোট চারটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, যারা নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজার মনিটরিং করা হবে। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিদিনের বাজারে পণ্যের দাম কমে-বাড়ে। সেই অনুযায়ী দাম রাখা হচ্ছে কি না, তা আমরা পর্যবেক্ষণ করছি। নিয়মিত মনিটরিং করলে বাজার পরিস্থিতি ঠিক থাকবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর