,

উকিল সাত্তারের প্রতিদ্বন্দ্বী আসিফের তালাশ চলছে : পুলিশ

news-image

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ এখনও মেলেনি। তাঁর স্ত্রী মেহেরুন্নেসার কথিত ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রশ্ন উঠেছে, তিনি নিখোঁজ, নাকি আত্মগোপনে রয়েছেন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, আসিফ আহমেদকে খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তালাশ চলছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে রাশেদা সুলতানা বলেন, ‘তদন্তের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে উদ্ধার করতে পারবে না, তা বিশ্বাস করি না।’

পুলিশের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘তাকে (আসিফ আহমেদ) উদ্ধার করেন। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। ইলেকশনের আগে যেভাবে হোক ওনাকে বাইরে নিয়ে আসেন।’

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা পেয়েছি। আসিফ আহমদের সন্ধান চলছে।’ আবু আসিফ আত্মগোপনে, নাকি নিখোঁজ- এ প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘তিনি জনসম্মুখে এলে তা জানা যাবে।’

গত ডিসেম্বরে বিএনপির সিদ্ধান্তে দলের অন্য সংসদ সদস্যদের সঙ্গে পদত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁঞা। পদত্যাগের ২০ দিন পর উপনির্বাচনে প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হন। আওয়ামী লীগ তাঁর বিপক্ষে প্রার্থী দেয়নি। দলটির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েও সরে যান। জাতীয় পার্টির দুইবারের সাবেক এমপি জিয়াউল হক মৃধাও এখন আর মাঠে নেই। উকিল সাত্তারের বিরুদ্ধে প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া আসিফ আহমেদ হয়ে ওঠেন প্রধান প্রতিদ্বন্দ্বি। তিনি শুরু থেকেই অভিযোগ করছিলেন, উকিল সাত্তারকে জেতাতে অন্য প্রার্থীদের মতো তাঁকেও ভোট থেকে সরাতে চাপ দেওয়া হচ্ছে।

গত বুধবার আশুগঞ্জের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি আসিফ আহমেদের প্রধান এজেন্ট ৮০ বছর বয়সী আবু মুসাকে পুরনো মামলায় গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাত থেকে আসিফ আহমেদ এবং তাঁর নির্বাচনি সমন্বয়ক শাফায়েত হোসেন সুমনের খোঁজ নেই। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়ায়। বলা হচ্ছে, এটি আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নেসা এবং গৃহকর্মীর কথপোকথন। এতে শোনা গেছে, আসিফ আহমেদের জন্য জামাকাপড় গুছিয়ে দিতে গৃহকর্মীকে নির্দেশ দিচ্ছেন মেহেরুন্নেসা। আসিফ আহমেদ বাসা ছাড়ার ১০ মিনিট সিসি ক্যামেরা চালু করতে বলছেন। যদিও গত রোববার মেহেরুন্নেসা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী নিখোঁজ রয়েছেন।

এই ফোনালাপের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। সোমবার দুপুরে আশুগঞ্জের ফেরিঘাট এলাকায় আসিফ আহমেদের বাসায় গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ পাওয়া যায়। বিকেলে আবার গেলে গৃহকর্মী কবিতা বেগম জানান, রোববার রাতে ঢাকায় চলে গেছেন মেহেরুন্নেসা। ফোনালাপের বিষয়ে মেহেরুন্নেসার বক্তব্য জানতে পারেনি সমকাল।

তবে স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, উকিল সাত্তারের সমর্থনে ভোট থেকে সরে যেতে প্রচণ্ড চাপ ছিল আসিফ আহমেদের ওপর। তা সামলাতে না পেরে তিনি এলাকাছাড়া হয়েছেন। আসিফ আহমেদ ধনাঢ্য ব্যক্তি। তাঁর নানা রকমের ব্যবসা রয়েছে। তাঁর ওপর ব্যবসায়িক চাপও আসে। তিনি ঢাকায় আত্মগোপনে থাকতে পারেন।

দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হওয়ায় আসিফ আহমেদকে খুঁজে না পাওয়ার বিষয়ে মতামত নেই বলে জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এক পর্যায়ে তিনি বলেন, ‘আসিফ জয়ী হওয়ার মতো প্রার্থী। তাই উকিল সাত্তারকে জেতাতে আসিফকে যে কোনো কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।’

মেহেরুন্নেসার অভিযোগ ছিল, তাঁদের বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ সুপার সমকালকে বলেন, ‘পুলিশ আসিফ আহমেদের বাড়িতে যায়নি। নজরদারিও করছে না। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ সমকাল

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না