তৃণমূলে নেতৃত্বের লড়াই ক্ষোভ-দ্বন্দ্ব প্রকাশ্যে
মুহম্মদ আকবর
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের জাতীয় সম্মেলন ঘিরে আওয়ামী লীগে চলছে দল গুছানোর কাজ। ‘তৃণমূলই আওয়ামী লীগের শক্তি’ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধারণাকে মাথায় রেখে সারাদেশে জেলা, উপজেলায় হচ্ছে সম্মেলন। এই সম্মেলন ঘিরে একদিকে তৃণমূলে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে, অন্যদিকে পাল্লা দিয়ে প্রকাশ পাচ্ছে দ্বন্দ্ব। সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি তথা স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্বে দেখা দিচ্ছে ক্ষোভ, বাড়ছে উত্তাপ। অভিযোগ রয়েছে, তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে এমপিরা তাদের পছন্দের প্রার্থীকে বসাতে চাচ্ছেন, এ নিয়েই স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে।
নেতৃত্বের এই লড়াইয়ে মতবিরোধ এমন পর্যায়ে চলে গেছে যে, জনপ্রতিনিধিরা একে অন্যের সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে তর্কাতর্কি থেকে হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছেন। দলে অভিযোগ দেওয়ার আগেই সংবাদ সম্মেলন করে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছেন। দলের এমপি ও স্থানীয় নেতৃবৃন্দের এমন আচরণে অসন্তুষ্ট দলীয় হাইকমান্ড। আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, অভিযোগ থাকলে দলীয় ফোরামে বলতে হবে, এর বাইরে নয়।
চলতি বছরে অন্তত এক ডজন এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ওরফে ছোট মনির, পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা, কুমিল্লা চৌদ্দগ্রামের এমপি ও সাবেক মন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, নীলফামারীর জলঢাকার সাবেক এমপি গোলাম মোস্তফা প্রমুখের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
গত বুধবার সংবাদ সম্মেলন করেন চৌদ্দগ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহজালাল মজুমদার। তিনি দাবি করেন, তিনি চৌদ্দগ্রামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। হামলার পর অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই জুয়েল গ্রেপ্তার হলেও তিনি শান্তিতে নেই। স্থানীয় এমপি মুজিবুল হকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, এমপির নির্দেশে ইউপি অফিসে পাঁচ মাস ধরে তালা ঝুলিয়ে দিয়েছে তার অনুসারীরা।
এর আগে একই জায়গায় কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার ঘটনার ওই এমপির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অ্যাসোসিয়েশন। যথাযথ ব্যবস্থা ও সমাধান না হলে একযোগে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যানরা।
বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশিদ হাওলাদার পটুয়াখালীর একটি উপজেলা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় এক নেতা অন্য নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেখুন, একজন উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে, আমরা এটার প্রতিবাদ করেছি। এখানে কে হামলা করেছে, সেটা মুখ্য বিষয় নয়। এ বিষয়ে আমরা দলেও অভিযোগ দিয়েছি। ওই রাতেই দল উদ্যোগ নিয়ে দুজনের দ্বন্দ্ব নিরসন করেছে, এজন্য দলকে আমরা ধন্যবাদও জানিয়েছি। আমরা আসলে এটাই চেয়েছিলাম।
ওইদিনের ঘটনা জানাতে ২৪ জুলাই এক বিবৃতিতে এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেছিলেন, ১৬ জুন জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়। সভা শেষে এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী উত্তেজনা সৃষ্টি করা হয়।
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার দিকে তেড়ে আসেন বলে অভিযোগ করেন এমপি রাজী। এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। জানা গেছে ওইদিন (২৪ জুলাই) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এমপি রাজী ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে নিয়ে বসেন এবং তাদের মধ্যে মীমাংসা করে দেন।
ইউপি চেয়ারম্যান শাহজালাল সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের সময়কে বলেন, আমি নিরাপত্তাহীনতায় আছি। এজন্যই এই সংবাদ সম্মেলন। আমি সবার সহযোগিতা চাই। দলের কাছেও অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক এমপি বলেন, তাকে (শাহজালালকে) আমি রাজনীতিতে এনেছি। আর এখন সে ধরাকে সরা জ্ঞান করছে। বঙ্গবন্ধুর সঙ্গে যেভাবে মোশতাক বেইমানি করেছে, সে-ও সেভাবে আমার সঙ্গে বেইমানি করেছে। পাশের ইউনিয়নে নৌকার বিপক্ষের প্রার্থীর জন্য সে কাজ করেছে। এটি দলীয় শৃঙ্খলাভঙ্গ। আর সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। সে ঠিকাদারি করে। দোকানদারদের কাছ থেকে রড, সিমেন্ট নিয়ে সেই টাকা ফেরত দিচ্ছে না। কয়েকটি ঘটনা ঘটেছে, সালিশের নামে উভয়পক্ষের টাকা জমা নিয়ে আত্মসাৎ করেছে। অনেকেই তার এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ। অনেক মানুষ তার কাছে টাকা পায়। পাওনাদাররাই তার অফিস বন্ধ করেছে। ইউপি চেয়ারম্যানের নিরাপত্তাহীনতার অভিযোগের বিষয়ে এমপি মুজিবুল হক বলেন, নিরাপদ বোধ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারে।
তৃণমূলের এমন দ্বন্দ্বের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা কী পরিস্থিতিতে সম্মেলন করেছে আমি জানি না। বিষয়টি নিশ্চয়ই আমাদের সাংগঠনিক সম্পাদকরা দেখবেন। দলকে না জানিয়ে বা অভিযোগ না দিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়ে তিনি বলেন, এটা ঠিক কি না তা আপনি বা আমি বলতে পারি না। এটা গণতান্ত্রিক দেশ। কোনো ব্যক্তি কোনো ঘটনার বিষয়ে যদি সংবাদ সম্মেলন করতে চায় তা করতেই পারে। দেখতে হবে ঘটনা অসত্য কি না। অনেক সময় অসত্য ঘটনা নিয়ে অনেকে সংবাদ সম্মেলন করে। তবে এটা যদি আমাদের দলীয় বিষয় হয় তা হলে সংবাদ সম্মেলন করার আগে দলের অগ্রজ নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে মিটিয়ে নেওয়াই ভালো।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, একই দলের নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে একই দলের আরেক নির্বাচিত জনপ্রতিনিধির সংবাদ সম্মেলন করা শিষ্টাচারবহির্ভূত এবং দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার মতো। যদি কেউ সংক্ষুব্ধ হোন, তিনি দলীয় ফোরামে অভিযোগ দিতে পারেন। দল তদন্ত করে সমাধানের উদ্যোগ নেবে। কিন্তু সংবাদ সম্মেলন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।











