ঢাকা মহানগরে অগোছালো সহযোগী সংগঠন
মুহম্মদ আকবর
ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগে চলছে দল গোছানোর কাজ। ঢাকা মহানগরসহ সারাদেশে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার লক্ষ্যে সাংগঠনিক সফরে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা। সারাদেশ সফরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও। কিন্তু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলো একেবারেই অগোছাল। নেতাদের এ থেকে উত্তরণের চেষ্টাও নেই বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগকে প্রস্তুত করতে চলছে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন। নভেম্বরের মধ্যে সব থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি দেওয়ার নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে। কিন্তু দলটির সহযোগী সংগঠনের বিষয়ে যেন কারও কোনো উদ্যোগ নেই। সময়মতো কমিটি না হওয়ায় এসব সংগঠনে পদপ্রত্যাশীরা হতাশ এবং ক্ষেত্রবিশেষে অভিমানী হয়ে আছেন। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় মহানগরে কোনো কৃত্রিম সংকট হলে তা মোকাবিলার জন্য সবাইকে সংগঠিত করা কঠিন হয়ে যাবে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের পরপরই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা আর মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি।
সর্বশেষ সহযোগী সংগঠনের স্বীকৃতি পাওয়া মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় সম্মেলনের প্রায় তিন বছর পরও মহানগরে কমিটি দিতে পারেনি। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তর-দক্ষিণের সম্মেলন হলেও দুই মাস পেরিয়ে গেছে, এখনো কমিটি ঘোষণা হয়নি। জানা গেছে, উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিতর্কিত নাম আসায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে সংগঠনটি। ফলে আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেওয়া থেকে বিরত থাকে সংগঠনটি। মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতির সাইফুল আলম মানিক বলেন, মৎস্যজীবী লীগের কমিটি দেওয়া না দেওয়া আমাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কাউকে কিছু বলতে চাই না।
অনেক আলোচনা-সমালোচনার পর যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ছেলে শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক হন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তারা সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে অতীত ঐতিহ্যের দিকে চোখ ফেরাতে চাইছেন। কিন্তু ‘বিতর্কে জর্জরিত’ ঢাকা মহানগরে নজর দিচ্ছেন না। পুরনো কমিটি দিয়ে মহানগর চালাচ্ছে যুবলীগ। এদিকে মহানগরের যুবলীগের পদপ্রত্যাশীরা প্রায় আশা ছেড়ে বসে আছেন। অনেকে আওয়ামী লীগের অন্য কোনো সহযোগী সংগঠনের রাজনীতির কথাও ভাবছেন। মাইনুল হোসেন খান নিখিল আমাদের সময়কে বলেন, এ বিষয়ে আমরা চিন্তা করছি। তবে কবে কী করব, তা এখনো বলতে পারছি না।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের দিনই ২০১৭ সালে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি গঠন হয়। কেন্দ্রের ওই কমিটির মতোই এখানেও মেয়াদোত্তীর্ণ কমিটি চলছে। দিবসভিত্তিক কার্যক্রম ছাড়া এই সংগঠনের মহানগর শাখার তেমন কোনো কার্যক্রম নেই। মহানগরের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।
মহিলা আওয়ামী লীগের মতোই ২০১৭ সালে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের কমিটি হয়। এরপর আর মহানগরে সম্মেলনের কথা ভাবেনি সংগঠনটি। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে অর্থাৎ ২০০২ সালের পর শীর্ষ দুই পদে নাজমা আক্তার এবং অপু উকিল ছাড়া আর কেউ আসেননি। ২০২০ সালে পাপিয়াকাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়ে সংগঠনটি। এমন অবস্থায় সংগঠনটি কেন্দ্রীয় সম্মেলনের কথা ভাবলেও মহানগরের বিষয়ে তাদের তেমন কোনো ভাবনা নেই। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের সঙ্গেই মহানগরের সম্মেলন হয়। আশা করছি, আগস্টের পর সম্মেলন হবে।
ঢাকা মহানগর শ্রমিক লীগের অবস্থা খুবই নাজুক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিরও তেমন কোনো কার্যক্রম নেই। কিছুদিন আগে দুই গ্রুপে বিভক্ত ছিল। পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে তারা সংগঠনের কাজ করত। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে প্রকাশ্য দ্বন্দ্ব থেকে নীরব বিরোধে চলে যায় সংগঠনটি। কৃষক লীগের ঢাকা মহানগরে কমিটি নেই। ঢাকা মহানগর ছাত্রলীগ ও কৃষক লীগের কমিটি খুব বেশি পুরনো না হলেও মেয়াদোত্তীর্ণ। আগস্টের পরে তাদের সম্মেলন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান বলেন, আমি যতটুকু জানি আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক, যেখানেই মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেখানেই সম্মেলন করতে হবে। তবে করোনা আবার বেড়ে যাওয়ায় এসব সাংগঠনিক কাজে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। তবে আশা করছি, ডিসেম্বরের আগে সম্মেলন হয়ে যাবে। আমরা সে অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।











