,

কথিত পীরের মৃত্যুর পর ঘরে মিলল আড়াই কোটি টাকা

news-image

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসে বড় গাজীপুর মাজার বাড়ির কথিত পীর আমির হোসেন মুন্সী ওরফে বিশা পাগলার মৃত্যুর পর তার ঘর থেকে প্রায় আড়াই কোটি টাকা পাওয়া গেছে। আজ বুধবার তিতাস থানা-পুলিশ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার ঘর থেকে উদ্ধার হওয়া টাকা গণনা করা হয়। গত শুক্রবার চিরকুমার আমির হোসেন মুন্সি ওরফে বিশা পাগলা (৫৫) মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার গাজীপুর গ্রামের মো. আমির হোসেন মুন্সী ওরফে বিশা পাগলা মারা যায়। অবিবাহিত জীবনে বিশা পাগলা একাই একটি ঘরে বসবাস করে আসছিলেন। ঈদের কারণে তাৎক্ষণিক তার ঘরে কেউ প্রবেশ না করলেও ঈদের একদিন পর মঙ্গলবারে তার আত্মীয়-স্বজন ঘরটি পরিষ্কার করতে যায়।

ঘর পরিস্কারের একপর্যায়ে আলমারি খুললে তাতে সাজানো টাকার বান্ডিল দেখতে পায়। বিষয়টি তারা তাৎক্ষণিক এলাকার গণ্যমাণ্য ও জনপ্রতিনিধিদের জানান। পরে থানা-পুলিশের সহযোগিতায় ঘরটি তালাবদ্ধ রাখা হয়।

আজ বেলা ১১টার দিকে বিশা পাগলার বাড়িতে তিতাস থানা-পুলিশের একটি দল, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, বিশা পাগলার বোন মুর্শিদা আক্তার, বড় ভাই আউয়াদ মুন্সিসহ গাজীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘরের তালা খুলে নির্দিষ্ট ব্যক্তিদের প্রবেশ করতে দেওয়া হয়। প্রায় ৪০ মিনিট মেশিনের মাধ্যমে টাকা গণনা করে পুনরায় টাকাসহ ঘর তালাবদ্ধ করে দেওয়া হয়।

টাকা গণনা শেষে বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূরনবী জানান, বিশা পাগলার ঘর থেকে ২ কোটি ৪৫ লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া টাকা যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে রাখা হবে বলে জানানো হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানালে আমরা তাৎক্ষণিক গ্রামের লোকজনদের সহযোগিতায় ঘরটি তালাবদ্ধ করে দিই। আজকে স্থানীয় লোকদের সিদ্ধান্ত অনুযায়ী টাকা গণনা করা হয়। ঘর থেকে ২ কোটি ৪৫ লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। যা বিশা পাগলার নিকট আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, মৃত বিশা পাগলারা দুই বোন ও তিন ভাই ছিল। এদের মধ্যে বর্তমানে একজন বোন মুর্শিদা বেগম এবং দুই ভাই আউলাদ মুন্সি ও জামাল মুন্সি জীবিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ