সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটি নিয়ে দ্বন্দে এমপির গাড়ি দুই ঘণ্টা অবরুদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা নিয়ে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুলসহ জেলার কয়েকজন নেতাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী লীগের একটি গ্রুপ।

গত শনিবার উপজেলার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ মাঠে আয়োজিত দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে দেবিদ্বার-চান্দিরা রোডের নবীয়াবাদ মডেল কলেজের সামনে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই ঘটনা ঘটে।

পরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় কয়েকজন নেতার পরামর্শে কমিটি ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। তাতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিক্ষোভকারীরা এমপি রাজী ফখরুলের গাড়ি অবরুদ্ধ করে ‘নৌকার দালালেরা হুশিয়ার সাবধান- আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান’ বলে সেøাগান দিতে থাকে। ঘটনার সময় এমপি রাজী ফখরুলের নেতাকর্মীরা নীরব থাকেন।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার বলেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আমাকে প্রশ্ন করে লাভ নেই, কোনো প্রশ্নের জবাব দিতে পারব না। স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় কাউন্সিলররা ভোট চেয়েছিলেন। তখন এমপি সাহেব জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত নেতাবৃন্দকে বলেন, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে কমিটি ঘোষণা করবেন। অতঃপর নেতৃবৃন্দরা একটি কক্ষে সভা করে সভাপতি পদে শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামানকে মনোনীত করেন। তারপর কমিটি ঘোষণা না দিয়ে এমপি চলে যেতে চাইলে নেতাকর্মীরা পথ অবরোধ করে দেন। সবশেষে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করেন। উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি শেখ আব্দুল আউয়াল বলেন, সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী হওয়ায় ওদের আলাদাভাবে একক প্রার্থী করতে বৈঠকে বসাই। সমঝোতায় না আসায় আমরা এমপি সাহেব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের তিনজন সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদককে উপজেলা সাধারণ সম্পাদকসহ সাতজনকে নিয়ে বসি। আমরা কাউন্সিলরদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা দেওয়ার চেষ্টা করি। এ সময় এমপি কমিটি ঘোষণা দেওয়ার পক্ষে না থাকায় এবং ঢাকায় গিয়ে দুদিন পর কমিটি ঘোষণার কথা বলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, সর্বশেষ নেতৃবৃন্দের সিদ্ধান্তটি এমপি সাহেবের মাধ্যমে ঘোষণা দিতে বললে এমপি এখানে ঘোষণা না দিয়ে দুদিন পর ঘোষণা দিতে বলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি ঘোষণার দাবিতে এমপির গাড়ি অবরোধ করে রাখলে আমি মীমাংসার চেষ্টা করি। এমপির গাড়িতে নেতাকর্মীরা লাথি মারায় তিনি এখানে কমিটি ঘোষণা দিতে রাজি হননি।