আরেকটি অনবদ্য সেঞ্চুরি উইলিয়ামসনের
স্পোর্টস ডেস্ক : শীতের মৌসুমেও ব্যাটে বসন্তের দেখা পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রতি ম্যাচেই যেন তাকে সেঞ্চুরি করতেই হবে। মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও ১২৯ রানের ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
হ্যাগলি ওভালেও হেসেছে কিউই অধিনায়কের ব্যাট। হাঁকালেন সেঞ্চুরি। ১৭৫ বল খেলে ১১২ রানে অপরাজিত রয়েছেন উইলিয়ামসন।
অর্ধশতক করতে শাহীন-নাসিমদের ১০৫ বল মোকাবেলা করেন উইলিয়ামসন। এর পর পাক বোলারদের পাড়ার ক্রিকেটারের মতো পেটালেন। অর্ধশতককে শতকে নিয়ে যেতে খরচ করেন মাত্র ৩৫ বল।
টেস্টে ৩৫ বলে ৫০ রান! অসাধারণ এক পারফরম্যান্সই বটে। ১১১ রানের ইনিংসে ১৬টি বাউন্ডারি মেরেছেন উইলিয়ামসন।
তাকে থামাতে না পারলে প্রথম টেস্টের মতোই রানের চাপায় পড়তে হবে পাকিস্তানকে।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে কিইউরা।
হারিয়েছে দুই ওপেনার টম ল্যাথাম (৩৩), টম ব্লান্ডেন (১৬) ও অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলরকে। রস টেইলরকে ১২ রানে ফিরিয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার মাসুদ আব্বাস।
দুই ওপেনার লাথাম ও ব্লান্ডেলকে ফিরিয়েছেন যথাক্রমে শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফ।
এদিকে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিচ্ছেন হেনরি নিকলস। প্রথম টেস্টেও দুর্দান্ত ছিলেন তিনি। ১৮৩ বল খেলে ৮৯ রানে অপরাজিত আছেন তিনি।
৭১ রানে ৩ উইকেট হারানোর পর হেনরি নিকোলসকে নিয়ে উইলিয়ামসনের অবিচ্ছিন্ন জুটি ২০০ রান ছাড়িয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ৮৩.৫ ওভারে ২৯৭ রানে অলআউট হয় পাকিস্তান।
প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও কিউই পেসারদের তোপের মুখে ধরাশায়ী হয়েছেন পাক ব্যাটসম্যানরা। পাকিস্তানের সবকটি উইকেট নিয়েছেন চার কিউই পেসার।
বিশেষ করে পৌনে ৭ ফুট উচ্চতার পেসার কাইল জেমিসনের বোলিং ছিল দুর্দান্ত।
৬৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এসবের মধ্যে আজহার আলী, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পরে ফাহিম আশরাফের ব্যাটিং ছিল অনবদ্য।
ম্যাট হেনরির বলে আউট হওয়ার আগে ১৭২ বলে ৯৩ রানের চমৎকার ইনিংস খেলেন আজহার আলী। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৭১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে জেমিসনের বলে আউট হন রিজওয়ান। অলরাউন্ডার ফাহিম আশরাফ ৮৮ বলে ৪৮ রান করেন।











