করোনার সেকেন্ড ওয়েভ : আইসিইউ নয়, বাড়ানো হচ্ছে অক্সিজেন সরবরাহ
নিউজ ডেস্ক : দেশে শীতে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের স্বাস্থ্য বিভাগ চিকিৎসা ব্যবস্থাপনায় মূলত হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ও সিলিন্ডার থেকে অক্সিজেন সরবরাহের ওপর জোর দিচ্ছে। এর জন্য বিভিন্ন জেলায় নতুন করে এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে। পুরনো সেন্ট্রাল অক্সিজেন লাইন সংস্কারের পাশাপাশি নতুন লাইন স্থাপনের কাজও চলছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার কেনা হচ্ছে। বাতাস থেকে অক্সিজেন সংগ্রহের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর বসানো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, করোনা রোগীর চিকিৎসায় জেলাগুলোতে নতুন করে আইসিইউ স্থাপন খুব কঠিন। কারণ যন্ত্রপাতির পাশাপাশি স্থাপন ব্যয় যেমন বেশি, তেমনি এগুলো চালানোর জন্য দক্ষ জনশক্তিরও অভাব রয়েছে। সে ক্ষেত্রে পুরো আইসিইউ ব্যবস্থাপনার বদলে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সংগ্রহ বা কেনার ওপর জোর দিচ্ছেন তারা।
এসব কর্মকর্তা এমনও জানিয়েছেন, শীতের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় নতুন করে কোনো আইসিইউ স্থাপন করা হয়নি। স্থাপনের পরিকল্পনার কথাও জানাতে পারেননি তারা। ফলে বিকল্প হিসেবে পাশের মেডিকেল কলেজ হাসপাতালে আগে থেকেই থাকা সীমিতসংখ্যক আইসিইউ ব্যবহারের পরিকল্পনা করছেন। এমনকি যেসব কভিড হাসপাতাল গুটিয়ে ফেলা হয়েছে, সেসব হাসপাতালের আইসিইউগুলো জেলাগুলোতে এখনই স্থানান্তর করবেন নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন সে চিন্তা করছেন। এজন্য তারা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক উদ্বোধন শেষে দেওয়া এক ভাষণে বলেন, সরকার আসন্ন শীতে কভিড-১৯-এর সেকেন্ড ওয়েভ কার্যকরভাবে মোকাবিলার জন্য জেলা হাসপাতালগুলোকে আইসিইউ এবং প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থাসহ প্রস্তুত রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত শীতে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল। করোনাভাইরাস আবার শীতকালে আসতে পারে, সেটা মাথায় রেখে প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিচ্ছি।’
তবে বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউ ও অক্সিজেনের কোনো বিকল্প নেই। সরকারকে এ দুটির ব্যবস্থা করতেই হবে। এমনকি তারা এসবের পাশাপাশি সংক্রমণ কমানোর ওপরও জোর দিয়েছেন। তারা বলেছেন, রোগী বেড়ে গেলে সীমিতসংখ্যক আইসিইউ দিয়ে চিকিৎসা ব্যবস্থাপনা করা সম্ভব নয়।
এ ব্যাপারে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, জেলাগুলোতে আইসিইউ ও অক্সিজেন দরকার। এটা করার জন্য সরকারের ইচ্ছা থাকতে হবে। আমরা করোনার শুরুতেই বলেছিলাম উপজেলা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন জেলাগুলোতে করতে হবে। এখন বললেই হবে না। সেগুলো ঠিকমতো হচ্ছে কি না, সেটা মনিটরিং করতে হবে। মনিটর করা আমাদের কাজ নয়। উচিত হবে মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী যেটা বলছেন, সেটার বাস্তবতা তুলে ধরা। সেকেন্ড ওয়েভ ঠেকাতে হলে আইসিইউ ও অক্সিজেনের কোনো বিকল্প নেই। এগুলো করতে হবে। আইসিইউ করতে হলে ভেন্টিলেটর থাকতে হবে। সেটা প্রধানমন্ত্রী বলেছেন। তার নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কি না, সেটা আমরা দেখব। উনি বললেন, আর আমরা খুশি হলাম। কিন্তু একটা রোগী নিয়ে গেলাম, দেখলাম এসব কিছু নেই। প্রধানমন্ত্রী নায্য কথা বলেছেন। তার কথা যদি কেউ না শোনে, তাহলে মানুষ মারা যাবে, আক্রান্ত হবে।
একইভাবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বর্তমান উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, আইসিইউ হয়তো নেই। কিন্তু হাই ফ্লো অক্সিজেন ছোট ছোট জেলা হাসপাতালেও আছে। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের কারণে সংক্রমণ অনুপাতে মৃত্যুহার কম। সরকার দুটি কাজ দ্রুত করতে পেরেছে। একটি হলো করোনা পরীক্ষায় সারা দেশে ১০৯টা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছে। অন্যটি হলো পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা। তবে আইসিইউর যে ফুল সেটআপ সেটা হয়তো সব জেলায় পৌঁছায়নি। আইসিইউ হলে মৃত্যুহার আরও কমবে। কভিড চলে গেলেও আইসিইউ কাজে লাগবে।
এ বিশেষজ্ঞ আরও বলেন, সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে আইসিইউ ও অক্সিজেনের চেয়েও বেশি দরকার রোগী খুঁজে বের করতে কার্যকর কমিউনিটি সার্ভিলেন্স করা, কন্ট্যাক্ট ট্রেসিং করে আইসোলেশন ও কোয়ারেন্টাইন করা। রোগীর সংখ্যা না কমালে শুধু আইসিইউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কারণ কতগুলো আইসিইউ করবে? কাজেই চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক উদ্যোগ নিতে হবে। এসব করলে রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে এবং যে রোগী থাকবে, তাদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা সম্ভব। রোগী না কমিয়ে শুধু হাসপাতাল ব্যবস্থাপনা করে করোনা সামলানো যাবে না। একপর্যায়ে একসঙ্গে যদি অনেক রোগী আসে তখন চিকিৎসা ব্যবস্থাপনা অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। কাজেই রোগী শনাক্ত করে আইসোলেশন ও কোয়ারেন্টাইন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নিতে হবে। এসব করলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে, রোগীর সংখ্যাও নিয়ন্ত্রণে থাকবে এবং হাসপাতালও ম্যানেজ করতে পারবে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রায় ৪০টা জেলায় হয়ে গেছে। বাকি জেলাগুলোতে কাজ চলছে। কোনো কোনো থানাতেও স্থানীয়ভাবে মানুষের ডোনেশনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হয়ে গেছে। হাটহাজারী, কুমিল্লার চৌদ্দগ্রামসহ অনেক উপজেলায় বড় বড় সিলিন্ডার দিয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন করে ফেলা হয়েছে। কিছুটা সরকারি অর্থে, কিছুটা স্থানীয় মানুষ দান করেছেন। বিশ^ব্যাংকের প্রকল্পের মাধ্যমে জেলা হাসপাতালগুলো সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে।
এ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে ওইভাবে আইসিইউ সাপোর্ট লাগছে না। অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছেন। আইসিইউ বেড অনেক খালি আছে। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন প্রত্যেক জেলা হাসপাতালে অন্তত ১০ শয্যা করে আইসিইউ করতে হবে। আমরা যে বড় বড় হাসপাতালে আইসিইউ আয়োজন করেছিলাম, যেমন বসুন্ধরা হাসপাতাল, অনেক ফিল্ড হাসপাতাল, বিভিন্ন জেলায়, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আইসিইউ বেড দিয়েছিলাম। এগুলোর অনেকই অব্যবহৃত পড়ে রয়েছে। এখন আমরা চিন্তা করছি সেগুলো এখনই স্থানান্তর করব নাকি ডিসেম্বর পর্যন্ত দেখব। নভেম্বর-ডিসেম্বরে যদি সত্যি সত্যিই সেকেন্ড ওয়েভ আসে, আবার নাও আসতে পারে। এর জন্য অপেক্ষা করছি। কারণ এগুলো খুলে নতুন করে স্থাপনে বেশ খরচ। খুলতে লাগাতে অনেক কারিগরি সাহায্য লাগে। একটি হাসপাতালের আইসিইউ খুলে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা চেয়েছে। আমরা এজন্য এগুলো খুলে এখনই সব জায়গায় দিয়ে দেব নাকি ডিসেম্বর পর্যন্ত রাখব সেটার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষা করছি। উনি যে নির্দেশনা দেন, সেভাবে কাজ করব। তবে আমরা বিভিন্ন কভিড হাসপাতালের জনশক্তি তুলে নিয়েছি। স্থাপনাটা রেখে দেব। কারণ আবার যদি করোনা বাড়ে এবং সময়মতো যদি স্থাপন না করতে পারি, তখন আবার সমস্যা হবে।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে আইসিইউ ব্যবস্থাপনার ঘাটতির কথা জানা গেছে। এ ব্যাপারে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ বি কুদ্দুস বলেন, সেকেন্ড ওয়েভ মোকাবিলা প্রস্তুতি মিটিং করেছি। আমাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আটটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ছিল। আরও তিনটি এসেছে। অক্সিজেন কনসেন্ট্রেটর এখন প্রত্যেক উপজেলার জন্য দুটি করে সংগ্রহ করে ফেলেছি। সদর হাসপাতালে পাঁচটি আছে। মেডিকেল কলেজ হাসপাতালে ১৫টি আছে। সে হিসাবে মেডিকেল কলেজে ১০০টি ও সদর হাসপাতালে ২৭টি ও প্রত্যেক উপজেলায় ২০টি করে শয্যা আমরা প্রস্তুত রেখেছি।
এ সিভিল সার্জন আইসিইউ ব্যাপারে বলেন, কভিডের জন্য আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন দিতে হয়। ১৫ লিটার করে প্রতি মিনিটে দিতে পারি। সেটা ১১টা আছে। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও আছে। আইসিইউ বলতে আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা রেখেছি। এখানে পাঁচটি ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটর একেবারের শেষ মুহূর্তে লাগে। সাধারণত ভেন্টিলেটরে রোগী গেলে তাকে রিকভার করা কঠিন হয়ে পড়ে। ঢাকার বাইরে জেলা হাসপাতালগুলোতে আইসিইউ প্রতিষ্ঠা করা কঠিন। এর বদলে অক্সিজেনের ওপর বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন এ সিভিল সার্জন। তিনি বলেন, আইসিইউ ব্যবস্থাপনা বেশ কঠিন। মেডিকেল কলেজে ১০ শয্যার আইসিইউ আছে। এর মধ্যে চারটি বেড কভিড রোগীদের জন্য রাখা হয়েছে। বাকি অন্যান্য রোগীর জন্য।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, কক্সবাজারে ভালো প্রস্তুতি আছে। গতকালও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসেছিলেন। দেখে গেছেন। সদর হাসপাতালে আইসিইউ আছে। কভিড হাসপাতালেও আছে। রামুতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট করছি। চকরিয়ায় চারটি ও রামুতে তিনটি হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন ক্যানোলা বসানো হয়েছে। একটা জেলা পর্যায়ে ১০টা আইসিইউ বেড অনেক। গত দুই মাস আগে সব করা হয়েছে।
এ সিভিল সার্জন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সব জেলায় আইসিইউ করা খুব কঠিন। সে ক্ষেত্রে অক্সিজেন কনসেন্ট্রেটর (বাতাস থেকে অক্সিজেন বানায়) যদি বেশি থাকে, তাহলে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে। আর বেশি খারাপ হলে যেসব জেলা শহরে আইসিইউ আছে, হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা আছে, সেখানে রোগী পাঠানো যাবে। এখন প্রত্যেকটা জেলায় ও অনেক উপজেলাতেও হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা রয়েছে। কক্সবাজারে তিনটি উপজেলায় আছে। সেগুলো সক্রিয়।
তার মতে, আইসিইউ তো বললেই হবে না। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টসহ সবকিছু মিলে কঠিন অবস্থা। সময়সাপেক্ষ ব্যাপার। তবে সরকার ৫০টার বেশি জেলা শহরে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেনের ব্যবস্থা করে ফেলেছে। সরাসরি অক্সিজেন প্ল্যান্ট করতে না পারলেও মেনিপোল সিস্টেম করেছে। বড় বড় অক্সিজেন সিলিন্ডারগুলোতে কানেকশন দিয়ে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা করা হয়েছে। আশা করি বাংলাদেশ অন্যান্য অনেক দেশের চেয়ে ভালোভাবেই সামাল দিতে পারবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, এখানে আইসিইউ নেই। কিন্তু আমাদের সংসদ সদস্যের প্রচেষ্টায় এখানে ১০টা ভেন্টিলেটর অনুমোদন হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে এসব ভেন্টিলেটর দেওয়ার জন্য। সেগুলো ক্রয় প্রক্রিয়াধীন। আরেকটা বিষয় হলো অক্সিজেন। বাগেরহাট সদর হাসপাতালে ২০১৬ সালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল। কিন্তু যারা করেছিল তারা অসম্পূর্ণ করে রেখেছিল। করোনা আসার পর সেটা সম্পূর্ণ করে দিয়েছে। এখন দরকার অক্সিজেন সিলিন্ডার। ১৯টা অক্সিজেন সিলিন্ডার ছিল। পরে ডিসি ওনার তহবিল থেকে আরও ১৫টা দিয়েছেন। ডিসি একটা ও পরে ওনার সোর্স থেকে আরও তিনটা হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরও দুটি পেয়েছি। অর্থাৎ এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে ছয়টি। অক্সিজেন কনসেন্ট্রেটর আছে পাঁচটা। পাশাপাশি সিলিন্ডারগুলো শেষ হয়ে গেলে রিপ্লেস করতে হয়। সেটার জন্য বড় ট্যাংক লাগে। সেটাও স্থাপন প্রক্রিয়াধীন। দুই সপ্তাহের মধ্যে সেটাও পেয়ে যাব। অক্সিজেনের জন্য সার্বিক প্রস্তুতি আমাদের আছে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারব। ভেন্টিলেটর মেশিনের জন্য জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। শীতের আগেই সম্ভব।
জেলাগুলোতে আইসিইউ প্রসঙ্গে তিনি বলেন, আইসিইউ চালানো খুব মুশকিল হবে। মেশিন কিনে ফেলা যায়। কিন্তু জনবল বড় বিষয়। দুই-তিনটা জেলা পরপর কিন্তু বড় মেডিকেল কলেজ আছে। সেখানে যদি আইসিইউ সংখ্যা বাড়ানো যায়, তাহলে আমরা সংকট মেটাতে পারব। কারণ জেলা শহরগুলোতে আইসিইউ চালানো যাবে না। নতুন করতে গেলে অর্থ অপচয় হবে। মেডিকেল কলেজে করলে ভালো হবে। দেশ রূপান্তর











