হাসপাতালে আছেন বুঝতে পারছেন না, হামলাও মনে আসছে না ওয়াহিদার : চিকিৎসক
নিউজ ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হাসপাতালে আছেন তা বুঝতে পারছেন না।
ওই হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক এ তথ্য জানিয়ে বলেন, তার শারীরিক অবস্থা এখন তুলনামূলকভাবে ভালো, তবে শঙ্কামুক্ত বলা যাবে না।
শুক্রবার রাতে ডা. বদরুল হক গণমাধ্যমকে বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা ভালো বলতে পারি, তবে কোনো অবস্থাতেই শঙ্কামুক্ত বলার সময় এখনো আসেনি। ভালো বলছি এ কারণে যে, অপারেশনের পর প্রত্যাশিত সময়ের আগেই তার জ্ঞান ফিরেছে। তিনি এখন তার স্বামীকে চিনতে পারছেন।’
তিনি বলেন, ‘তার (ওয়াহিদা খানম) স্বামী পীরগঞ্জের ইউএনও। তার স্বামীকে আমরা একবার আইসিউতে ঢুকিয়েছিলাম। তখন তিনি স্বামীকে চিনতে পেরেছেন, তবে তিনি যে হাসপাতালে এই অবস্থায় আছেন, তা বুঝতে পারছেন না। তার ওপর যে হামলা হয়েছিল তাও তিনি মনে করতে পারছেন না। তিনি মনে করছেন, নিজের বাসাতেই আছেন’।
এ চিকিৎসক বলেন, ‘এ ধরনের আঘাতে মস্তিষ্কের ভেতরে যে রক্তক্ষরণ হয়, অপারেশন সফল হলেও সম্পূর্ণ রক্ত বের করে আনা যায় না, কিছু রক্ত থেকে যায়। সে কারণে যেকোনো সময় কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। ডাক্তার হিসেবে তাই আমরা এই পর্যায়টিকে শঙ্কামুক্ত বলতে পারি না।’
তবে তিনি বলেন, ‘মস্তিষ্কের ভেতরে কিছু রক্ত থেকে গেলেও এর চিকিৎসা আছে, ওষুধ আছে, অন্য সবকিছু ঠিক থাকলে তা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনা যায়। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, রোগী নিজে আমাদের বেশ আশাবাদী করে তুলেছেন। আমরা গতরাতে অপারেশনের পর যতটা আশাবাদী ছিলাম, এখন তার চেয়ে আরও বেশি আশাবাদী। আশা করছি যে, সবকিছু ভালোর দিকেই যাচ্ছে।’
বুধবার রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রংপুরে একটি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকা আনা হয়। শুক্রবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চুরির উদ্দেশ্যে তার ওপর হামলা হয় বলে র্যাব জানায়।
সূত্র: ডেইলি স্টার বাংলা।











