হাসপাতালগুলোতে রোগীদের আস্থা ফেরাতে সেতুমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড-১৯) সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলবো- আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতালমুখী হওয়ার পরিবেশ তৈরি করুণ। হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হওয়ায় রোগী কমছে। তাই আশা করবো আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘রোগীর অভাবে কোনো কোনো হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ করে দিতে চাচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে এসেছে। সংক্রমনের বর্তমান স্তরে রোগীর সংখ্যা কম নয়, তাছাড়া সাধারণ রোগী তো রয়েছে। এ প্রেক্ষাপটে হাসপাতাল বন্ধ রাখা সমাধান নয়।’
আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে।’
তিনি বলেন, ‘গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, পশুর হাট, লঞ্চ বাস ট্রেন স্টেশন ফেরীঘাট শপিংমলসহ বিভিন্ন জায়গায় আমাদের সর্বোচ্চ সামাজিক দূরত্ব মানার চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগনের প্রাতি দায়িত্ব পালন হিসেবে ব্রত করে নিয়েছে। অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে তারা সহযোগিতা ও সমর্থন না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। সরকার নাকি অনিয়মকারীদের পৃষ্টপোষকতা দিয়েছে।
তিনি বলেন, ‘আমি জানতে চাই- আপনাদের সময়তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য, তখন কি এ ধরনের একটি সাহসী উদ্যোগ নিতে পেরেছিলেন?’











