রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা শফী চমেকের আইসিইউতে ভর্তি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। রবিবার রাত আটটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে তার ছেলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানী জানান।

আনাস বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থবোধ করায় চিকিৎকদের পরামর্শে হাসপাতালে আনা হলে আইসিইউতে ভর্তি করা হয়। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উনি দুর্বল হয়ে পড়েছেন, তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে গত ১১ এপ্রিল সন্ধ্যায় বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে এর তিনদিন পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

প্রসঙ্গত, হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলূম মুঈনুল ইসলামের মহাপরিচালক ৯৫ বছরের বেশি বয়সী শফী এর আগেও বিভিন্ন সময়ে কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।