ডেঙ্গুর নাম যেন না ভুলে যাই
নিউজ ডেস্ক : গত বছর ডেঙ্গু ভয়াবহ রূপ নেয়। এপ্রিল মাস থেকে এর প্রকোপ বাড়তে থাকে। প্রতিদিনই কোনো না কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতালগুলোকেও। বহু মানুষ সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিলেও দিনভর অপেক্ষার পরও বেসরকারি হাসপাতালে ঠাঁই পাননি।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত বছর ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। সব পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। গত বছর দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন ১ লাখ ১ হাজার ২৭ জন। এ বছরও করোনা সংক্রমণের মধ্যেও শুরু হয়েছে মশার উৎপাত। দিনরাত বাসাবাড়ি-খোলা জায়গাসহ সর্বত্রই মশার কামড়ে অতিষ্ঠ মানুষ।
দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ স্থাপনা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের বিপণিবিতান বন্ধ। ফলে এসব স্থানে পানি জমে জন্ম নিচ্ছে মশা। এদিকে করোনা প্রাদুর্ভাবের পর থেকে মানুষ অনেকটা ভয়েই হাসপাতালমুখী হচ্ছে না। করছেন না ডেঙ্গু পরীক্ষা। কিন্তু মৃতের সংখ্যা বেড়েছে জ¦র-সর্দিতে। গত বছর এপ্রিলের চেয়ে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত বছরের কথা স্মরণ করে মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নানা উদ্যোগ নিলও দক্ষিণ সিটি করপোরেশন কোনো উদ্যোগ নেয়নি। এ নিয়ে ফুঁসছেন দক্ষিণ সিটির কাউন্সিলররাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত ২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৯৬ জন সুস্থ হয়েছেন। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১৭৯ জন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ডেঙ্গু রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে শুধু এপ্রিল মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা কম।
এটি ডেঙ্গু জ্বর পরীক্ষা না করার কারণে হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। হিসাব অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি মাসে ডেঙ্গু রোগী ছিল ৩৮ জন। যেটি ২০২০ সালে হয় ১৯৯। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু রোগী ছিল ১৮ জন। ২০২০ সালে হয় ৪৫ জন। ২০১৯ সালের মার্চে ছিল ১৭ জন, ২০২০ সালে হয় ২৭ জন। শুধু এপ্রিল মাস ২০১৯ সালে ছিল ৫৮ জন। কিন্তু ২০২০ সালে সেটি মাত্র ১৯ জনে নেমে আসে।
বিশ্লেষকরা বলছেন, মানুষ করোনা সংক্রমণের ভয়ে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন না। ফলে এপ্রিল মাসে মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকলেও ডেঙ্গু রোগীর সংখ্যা কম।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবীরুল বাশার বলেন, করোনার সংক্রমণের ভয় সবার মধ্যেই রয়েছে। ফলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করতে পারছেন না ঠিকমতো। এরপরও মশা নিধনে পদক্ষেপ নিতে হবে। এদিকে যারা জ্বরে আক্রান্ত, তারা হাসপাতালে যাচ্ছেন না ভয়ে। হাসাপাতালগুলোও করোনার ভয়ে ডেঙ্গুর পরীক্ষা করতে চাচ্ছে না। জ্বরের রোগী পেলেই শুধু করোনা পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, মশা নিধনে অবশ্যই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এটি নিয়ন্ত্রণে থাকলে জুন-জুলাইয়ে প্রচুর পরিমাণে এডিস মশা বেড়ে যাবে।
এদিকে ডেঙ্গুর এমন প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েছে। রোগী শনাক্তের জন্য ঢাকা উত্তর সিটি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা শুরু হবে। পরীক্ষাগুলো হচ্ছে : ঘঝ১, ওমএ এবং ওমগ। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোয় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ইতোমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে-সাথে জানা যাবে।
এছাড়া ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি/ভবন/প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ি/ভবন/প্রতিষ্ঠানে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদ- বা কারাদ- বা উভয় দ-ে দ-িত করা হতে পারে।
এছাড়া ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ১৬ মে থেকে দশ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশককর্মীগণ ডিএনসিসি এলাকার বাড়ি/ভবন/প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমি এখনো দায়িত্ব নিইনি। তবে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। মশা নিধনে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে মশাকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় মশার ভয়াবহতা বেশি থাকলেও এ নিয়ে কর্তৃপক্ষ অনেকটা নির্বিকার। করোনা প্রাদুর্ভাবের কারণে মশককর্মীরাও নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছেন না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলরও। তারা বলছেন সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত আমরা নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছি। মশার জ¦ালায় অতিষ্ঠ নগরবাসী। এর থেকে পরিত্রাণের জন্য করপোরেশনের পক্ষ থেকে উদ্যেগ নেওয়া জরুরি।
এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হককে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, মশা নিধনে কোনো কর্মসূচির বিষয়ে আমার জানা নেই। করপোরেশনের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত। ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন। আমাদের সময়











