শাকিব-পপির প্রস্তুতি
বিনোদন প্রতিবেদক : শাকিব খানের ক্যারিয়ার শুরুর দিকে পপির সঙ্গে দেখা গেছে অনেক ছবিতেই। ‘দুজন দুজনার’, ‘হীরা চুনি পান্না’, ‘বস্তির রানী সুরিয়া’ ছবিগুলোতে জুটি হয়ে এসব ছবিতে অভিনয় করেছেন তারা। সেই সুবাধে ভালো বন্ধুত্বও তাদের মধ্যে। কিন্তু বিগত দশ বছর একসঙ্গে কোথাও দেখা যায়নি তাদের। না নতুন কোন ছবিতে না স্টেজ শোতে।
গত বছর একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেলেও কোন পারফর্ম ছিলোনা তাদের। দশ বছর পর এসে সে শূণ্যতা পূরণ হচ্ছে। দুই বন্ধু একসঙ্গে উঠছেন মঞ্চে। শনিবার ভোলার চরফ্যাশনের একটি প্রোগ্রামে শাকিব খান ও পপি একসঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছেন শাকিব খান ও পপি উভয়। গেলো কয়েকদিন উভয় মঞ্চে পারফর্ম করার জন্য রিহার্সালও করেছন। বেশ কিছু গানে কোমড় দোলাতে প্রস্তুতি নিচ্ছেন তারা।
জানা গেছে মঞ্চে শাকিব-পপি তাদের অভিনীত ছবিগুলোর গানের সঙ্গে মঞ্চে নাচবেন। নতুন করে নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।অনুষ্ঠানটি হচ্ছে ভোলার চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলে। শুধু শাকিব-পপিই নয়। এতে পারফর্ম করবেন ফেরদৌস, মৌসুমী ও রিয়াজও। আগামীকাল সকালে হেলিকপ্টার করে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘চরফ্যাশনের দারুন একটি অনুষ্ঠান হচ্ছে। এর আগে কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজন হিসেবে একটি স্টেজ শো তে পারফর্ম করলাম। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আশা করছি আজকের অনুষ্ঠানেও তেমন একটি উপভোগ্য অনুষ্ঠানই হবে।’
পপি বলেন, ‘আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো আমরা। অনেকদিন পর এক সঙ্গে কোনো কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।’











