শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা ব্যস্ত
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার মধ্য রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। ঢাকার দুই সিটি ভোটে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। প্রার্থীদের পক্ষে বিরামহীন মাইকিং, খণ্ড খণ্ড মিছিল আর অব্যাহত গণসংযোগে কাঁপছে রাজধানী। ভোটকে নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এতে অনেক ভোটারকেই অংশ নিতে দেখা গেছে। এদিকে প্রচারের শেষ মুহূর্তে এসে অবৈধ প্রচারসামগ্রী অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্নিষ্ট থানা পুলিশকে জরুরিভিত্তিতে এসব অবৈধ প্রচারসামগ্রী অপসারণে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিএনপির বিরোধিতা সত্ত্বেও ইভিএম ব্যবহার প্রসঙ্গে ইসি সচিব মো. আলমগীর জানিয়েছেন, যে কেউ ইভিএমকে চ্যালেঞ্জ করতে পারবেন। তিনি আবারও দাবি করেছেন, এই মেশিন ব্যবহারে ভোট জালিয়াতির সুযোগ নেই।
আর মাত্র দুই দিন পর ১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারে কাঁপছে রাজধানী।
বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী আমেজ তুঙ্গে উঠলেও সুষ্ঠু ভোট নিয়ে রয়েছে নানা শঙ্কা। সন্দেহ রয়েছে ভোটারদের সরব উপস্থিতি নিয়েও।
এবারের নির্বাচনে দুই সিটিতে ১৩ জন মেয়র প্রার্থী। উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১৮টি পদে ৭৭ জন ভোটের লড়াইয়ে আছেন। দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৭৫টি পদে ৩৩৫ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১০ জানুয়ারি প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন।
অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ ইসির : ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সব ধরনের অবৈধ প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইসি। ভোটের মাঠে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্নিষ্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বরাবরে এই চিঠি পাঠানো হয়েছে। পৃথক এই চিঠিতে সই করেছেন উত্তর ও দক্ষিণ সিটির দুই রিটার্নিং কর্মকর্তা।
চিঠিতে বলা হয়েছে, ফুটপাতের ওপরে থাকা সব ধরনের নির্বাচনী ক্যাম্প অপসারণসহ বিদ্যুতের খুঁটি, গাছসহ অন্যান্য স্থাপনায় ঝোলানো সব নির্বাচনী প্রচারসামগ্রী ২৪ ঘণ্টার মধ্যে জরুরিভিত্তিতে অপসারণে ইসি নির্দেশ দিয়েছে। সোমবার বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এসব অবৈধ প্রচারসামগ্রী ও ফুটপাতে ক্যাম্প বসানোর বিষয়টি ইসির নজরে আনে। একই সঙ্গে এসব অবৈধ প্রচারসামগ্রীর জন্য তারা ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেন। বৈঠক শেষে তারা জানিয়েছিলেন, ইসি তাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে ওয়াদা করেছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কমিশনের নির্ধারিত আকার অনুযায়ী রশি দিয়ে ঝুলিয়ে পোস্টার লাগানো ছাড়া অন্য কোনো উপায়ে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের সুযোগ নেই। এমনকি দেয়ালেও পোস্টার সাঁটানো যাবে না। কিন্তু এবারের নির্বাচনে অনেক প্রার্থীই এসব বিধিনিষেধ মানছেন না।
ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার আলাদা সই করা চিঠিতে বলা হয়েছে, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি, গাছসহ অন্যান্য স্থাপনায় লাগানো বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার ও নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের জন্য কমিশন নির্দেশ দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণের জন্য ব্যবস্থা নিতে হবে।
অপর চিঠিতে বলা হয়েছে, ফুটপাতের ওপরে স্থাপিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য ইসি নির্দেশ দিয়েছে। চিঠিতে বিষয়টি ‘অতি জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।
ইভিএম চ্যালেঞ্জের সুযোগ রয়েছে : ভোটকেন্দ্র হিসেবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার হবে সেগুলোতে সিসি ক্যামেরা থাকলে তা সচল রাখতে সংশ্নিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ইসি। ওইসব সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পরিস্থিতির রেকর্ড রাখতে চায় কমিশন। মঙ্গলবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এসব তথ্য জানান।
ইভিএম নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিএনপি ইভিএম দেখতে না এলে কী করা যাবে! ইভিএমের ভোটে সব ডিজিটাল রেকর্ড থাকে। যে কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন। এতে কারচুপির কোনো সুযোগ নেই। জাল-জালিয়াতির সুযোগ নেই। কেন্দ্রগুলোতে ইভিএম দেওয়া রয়েছে; যে কেউ দেখতে পারেন। তিনি জানান, ইভিএম আমেরিকা, ব্রিটেনসহ কয়েকটা দেশের রাষ্টদূতরা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপি সন্তুষ্ট কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (বিএনপি) তো আসে না। সবকিছু ওপেন করে রাখা হয়েছে। তারা যদি না আসে, তাদের কীভাবে আনা যাবে?
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিজের আঙুলের ছাপ দেওয়ার মাধ্যমে এক শতাংশ ভোটারের ব্যালট ইস্যু করতে পারবেন। এক্ষেত্রে ভোটারকে চিহ্নিত করার পরই তার আঙুলের ছাপ না মিললে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিজের আঙুলের ছাপ ব্যবহার করে ব্যালট ইস্যু করবেন। আর এমন ভোটারের সংখ্যা এক শতাংশের বেশি হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরও বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরবর্তী সময়ে চাইলে এই ইভিএমের তথ্য জানা যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে ভোটের তথ্য ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন।
সিটি নির্বাচনে দলীয় ব্যক্তিদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, যে নীতিমালা আছে সে অনুযায়ী দিচ্ছি। যারা ইসিতে নিবন্ধিত তাদেরই কার্ড দেওয়া হচ্ছে।
থাকছে অর্ধলাখ ভোট গ্রহণ কর্মকর্তা : নির্বাচনে দুই সিটিতে ৫০ হাজার ৬৬০ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ২৪৬৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১৪ হাজার ৪৩৪ জন, পোলিং কর্মকর্তা ২৮ হাজার ৮৬৮ জন। এর বাইরে দুই সিটিতে অস্থায়ী ভোটকক্ষ ১৬৩০টি। এক্ষেত্রে আরও ১৬৩০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ৩২৬০ জন পোলিং কর্মকর্তা থাকছেন। প্রতি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিকক্ষে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতিকক্ষে দুইজন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দুই সিটি নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে আতঙ্কে রয়েছেন ভোট গ্রহণ কর্মকর্তারা। র্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকার পরও ভোটের দিন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না ইসির ভোট গ্রহণ কর্মকর্তারা। দুই রিটার্নিং কর্মকর্তা জানান, আশঙ্কা থেকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিতে উচ্চ মহলের মাধ্যমে তদবির করেছেন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। কেউ ভোটের দিন দায়িত্ব পালন করতে চাইছেন না। বিষয়টি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের।
নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দুই সিটি : নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে নিরাপত্তা চৌকি। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মিলে অর্ধলক্ষাধিক সদস্য নির্বাচনী মাঠে কাজ করছেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। যান চলাচল ও বহিরাগতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। সিটি নির্বাচনে জনস্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসির নির্দেশে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।











