অবসর নিয়ে যা বললেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই আলোচনায় আসে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর প্রসঙ্গ। বিশ্বকাপের পর থেকে এখনো তাকে দেখা যায় নি কোনো আন্তর্জাতিক ম্যাচে। ফলে আরো শিকড় ছড়ায় গুঞ্জনের।
এদিকে পাকিস্তান সিরিজ না হলে ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়য়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে টাইগার ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কম থাকলেও মাশরাফির অবসরের বিষয়টি উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।
চারিদিকে গুঞ্জন উঠেছে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
এবার অবসর নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। মাশরাফি জানালেন, অবসর নিয়ে এখন পর্যন্ত ব্যক্তিগত কোনো চিন্তা নেই তার। নির্বাচকরা চাইলে খেলবেন তিনি।
অবসরের গুঞ্জন নিয়ে কিছুটা অভিমানই করেছেন মাশরাফি। কারণ তাকে বিদায় দেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে একটি বিশেষ মহল।
তাই বিদায় প্রসঙ্গে অভিমানের সুরে তিনি বলেন, এটা প্রয়োজনীয় না যে আমার নিজেকে এত প্রাধান্য দেওয়ার দরকার আছে। আমি নিজেকে এত প্রাধান্য দিইও না যে আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন। এটা প্রয়োজনীয় না। আমি যেমন আছি ভালো আছি, উপভোগ করছি খেলা। জাতীয় দল অনেক দূরের ব্যাপার।
তবে অভিমান প্রসঙ্গ উঠলে আবার তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অধিনায়ক। বলেন, অভিমান আমার মনে হয় না (করেছি)। আমি যখন টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছি অনেক কারণ আপনাদের বলেছি। আমি অভিমান টভিমান নিয়ে চলি না। এটা একেবারেই নাই। আর অবসর নিয়ে যেটা বললেন, আপনি বলতেন পারেন অবসর সবাই করিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তো যে জায়গায় অবস্থান করছি সেটাকেও উপভোগ করছি।
মাঠ থেকে বিদায় নিবেন কি না জানতে চাইলে বিষয়টি বিসিবির উপর চাপিয়ে দেন মাশরাফি, মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। যদি সেরকম অবস্থা তৈরি হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে হয়তবা চিন্তা ভাবনা করব। যে খেলাটা শুরু করেছিলাম, কেউ জাতীয় দল থেকে শুরু করে না। আমি আবার সেখানে (ঘরোয়া) ফিরে গেছি। বিপিএল খেলেছি, সামনে ঢাকা লিগ উপভোগ করব। সব সময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করলেই আপনি খেলোয়াড়, সেরকম তো না।
এর আগে ২০১৪ সালের শেষ দিকে টানা হারের বৃত্তে দলের বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে।
তৃতীয় দফায় তিনি দায়িত্ব নিতেই বদলে যেতে থাকে বাংলাদেশ। তার পরের বছর তো তার নেতৃত্বে অবিশ্বাস্য সময় কাটায় টাইগাররা। জয়ের নতুন নতুন রেকর্ড গড়ে। যে ধারায় বিশ্ব ক্রিকেটে এখন সবাই সমীহ করে বাংলাদেশকে।
দেশ সেরা ওয়ানডে অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে হুট করেই অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেটেও অলিখিত অবসর চলছে। কারণ ২০০৯ সালের পর সাদা জার্সিতে তাকে আর দেখা যায়নি তাকে। আন্তর্জাতিক অঙ্গনে শুধু ওয়ানডে সংস্করণে খেলে যাচ্ছেন ৩৬ বছর বয়সী মাশরাফি।
এ বয়সে নিজের সেরাটা ধরে রাখা বেশ কঠিনই একজন পেসারের জন্য। মাশরাফিও উত্থান পতনের মধ্যেই যাচ্ছেন। তবে বিশ্বকাপের আগে সব ঠিক ছিল। তখন পর্যন্ত বোলারদের মধ্যে দেশের সেরা পারফর্মার ছিলেন মাশরাফি। কিন্তু বিশ্বকাপে আট ম্যাচে পেয়েছেন মাত্র ১টি উইকেট। এরপরই শুরু হয় তাকে নিয়ে নানা সমালোচনা। তবে তাকে নিয়ে সমালোচনা আরও আগে থেকেই। তার রাজনীতিতে নামাটা মেনে নিতে পারেননি অনেকেই।











