আসন্ন রোজায় ব্যবসায়ীদের বাজার দর যৌক্তিক রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : আসন্ন রোজার মাসে ব্যবসায়ীদের বাজার দর যৌক্তিক রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেছেন, নিজে ব্যবসায়ী বলে ‘ব্যবসায়ীদের প্রতি আনুকূল্য দেখানোর’ অভিযোগ তাকে শুনতে হয়েছে। সব মিলিয়ে তিনি এখন বসবাস করছেন ‘আগুনের মধ্যে’।
আজ বৃহস্পতিবার ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রোজা সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত বছর ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে এই পণ্যের দাম বাংলাদেশের বাজারে আড়াইশ টাকায় পৌঁছায়। পরে বাজার সামাল দিতে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। বারবার আশা দিয়েও দাম কমাতে না পারায় সমালোচিত হন বাণিজ্যমন্ত্রী।
ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কেন চালাতে হয়েছিল, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেখানে দ্বিগুণ লাভ করছেন, সেখানে দরকার ভোক্তা (অধিকার অধিদপ্তরের অভিযান)। আমার কোনো দায় পড়ে নাই যে, আপনাদের ওপর আঘাত হানব। আমাকে ব্লেইম করা হয়েছে-আপনি ব্যবসায়ী বলে বেশি ফেভার করছেন ব্যবসায়ীদের, আপনি আরও শক্ত হতে পারতেন, কঠোর হতে পারতেন।’
‘এ জায়গায় বসে আমি আগুনের মধ্যে বসবাস করছি ভাই, কথাটা বুঝতে পারছেন?’
ব্যবসায়ীদের ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে টিপু মুনশি বলেন, ‘রোজার মাসে যেন লজিক্যাল হই, রজমানে সহনীয় লাভ করবেন। আজ বাজার (দর) কী আছে এটা এক ঘণ্টার মধ্যে বের করা যায়। পরের স্টেপগুলোর দাম সবার সাথে আলোচনা করে আমরা বেধে দিতে চাই। রিটেইলে ১০ টাকা লাভে ছাড়তে বলেছেন, রাজি হয়ে গেছি, ২০ টাকা বেড়ে গেলে ভোক্তা (ভ্রাম্যমাণ আদালত) না পাঠিয়ে কী করব? বুঝতে পারছেন কথাটা ভাই?’
রোজার মাসে ২ লাখ টন অতিরিক্ত পেঁয়াজ প্রয়োজন হয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে। আমাদের কোনো পথ নেই। ভারত যদি ওপেন করে দেয়, আমরা ওয়ে-আউট করব যে আপনাদের কী পরিমাণ লোকসান হচ্ছে। একটাই দোহাই আপনাদের কাছে, রাতারাতি বড়লোক হওয়া যাবে না, রাতারাতি ভাগ্য পরিবর্তন করা যাবে না।’











