সরাইলে ‘সিন্ডিকেট’ করে ধান বিক্রি, কৃষক ক্ষতিগ্রস্ত
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলতি বছর বোরো মৌসুমে কৃষকদের পরিবর্তে একটি চক্র সরকারি গুদামে ধান বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এতে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।কৃষকদের অভিযোগ, স্থানীয় ধান ব্যবসায়ী ও সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন মিলে সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাঁরা কৃষকদের কাছ থেকে কৃষি কার্ড জোগাড় করেছেন এবং কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ৫৫০ থেকে ৬০০ টাকা দরে কিনে সরকারি খাদ্যগুদামে ১ হাজার ৪০ টাকা দরে বিক্রি করছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ মে থেকে এই উপজেলায় চলতি বছরের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ বছর সরাইলে ২৬ টাকা কেজি দরে এক হাজার দুই শত দশ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে।
স্থানীয় বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ থেকে ৬৫০ টাকা। সরকারিভাবে প্রতি মণ ধান কেনা হচ্ছে ১ হাজার ৪০ টাকায়। কয়েকজন কৃষক অভিযোগ করেন, বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ মুনাফা পাওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে নিচ্ছেন। তাঁরা কিছু কৃষককে ‘ম্যানেজ’ করে তাঁদের কৃষি কার্ড ব্যবহার করে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করছেন। কৃষকেরা খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে ধান কেনা শেষ বলে জানিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলার পানিশ্বর ইউপি সদস্য মোঃ সুমন মুন্সি বলেন, ‘সরকারি গুদামে ধান বিক্রি করতে যাওয়ার পর কৃষকদের বলা হলো ধান কেনা শেষ। পরে জানতে পারলাম, একটি প্রভাবশালী মহলের কাছ থেকে গুদামের কর্মকর্তারা ধান কিনছেন।’ কৃষকদের কাছ থেকে কার্ড নিয়ে খাদ্য গুদামে ধান দিচ্ছেন ব্যবসায়ী সিন্ডিকেট। ধান সংগ্রহের চূড়ান্ত কৃষক তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, ‘প্রকৃত কৃষকেরা গুদামে ধান বিক্রি করতে পারছেন না। ইউনিয়নের অনেক কৃষক আমার কাছে অভিযোগ করেছেন।
অরুয়াইল ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইঁয়া বলেন, কৃষকদের ১০০০ থেকে ১৫০০ টাকা দেওয়ার কথা বলে তাদের কৃষি কার্ড নিচ্ছেন স্থানীয় ধান ব্যবসায়ীরা। কৃষকের পরিবর্তে সিন্ডিকেট ব্যবসায়ীরা খাদ্য গুদামে ধান বিক্রি করছেন, এমন অভিযোগ এখন সকলের মুখে।
সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহের বিষয়টি অস্বীকার করে সরাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফছা হাই বলেন, ‘কৃষকের কৃষি কার্ড, পরিচয়পত্র ব্যবহার করে অন্য কেউ যদি ধান বিক্রি করেন, তা বুঝব কীভাবে। এখানে নিয়ম মেনেই ধান সংগ্রহ অব্যাহত আছে।










