মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেবিলের এক নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করার পথে কুমিল্লা ভিক্টোরিয়ানস

news-image

ক্রীড়া প্রতিবেদক : জেতার জন্য শেষ ২ বলে যখন ঠিক দুটি ছক্কাই লাগে ঢাকা ডায়নামাইটসের, তখনই আন্দ্রে রাসেলের ব্যাটে শ্বাসরুদ্ধকর সমাপ্তির রোমাঞ্চ ছড়ায় আরো। মোহাম্মদ সাইফউদ্দিনের করা অফ স্টাম্পের বাইরের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মেরে এই ক্যারিবীয়র ম্যাচ জয়ের নায়কও হওয়ার অপেক্ষা তখন। তবে শেষ বলে আরেকটি ছক্কার প্রয়োজনীয়তার মুখে তিনি নন, লেগ স্টাম্পের ওপর করা দুর্দান্ত এক ইয়র্কারে নায়ক হয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাইফউদ্দিনই।

সেই ডেলিভারি কোনোমতে সামলাতে গিয়ে ভূপতিত রাসেলের ব্যাটের কানায় লেগে বাউন্ডারিও হলো, কিন্তু লাগত যে ৬ রান! তাই ১ রানের নাটকীয় জয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকেই বিপিএলের প্রথম পর্ব শেষ করার পথে অনেক দূর এগিয়েও গেল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১১ ম্যাচে পাওয়া অষ্টম জয়ে তাদের পয়েন্ট এখন ১৬। তাদের জয়ের ছুটন্ত চাকার নিচে পিষ্ট ঢাকা ডায়নামাইটসের এটি টানা পঞ্চম হারও। সব মিলিয়ে ১১ ম্যাচে ষষ্ঠ। ১০ পয়েন্ট নিয়ে শেষ চারের চতুর্থ দল হওয়ার দৌড়ে তারা এখনো রাজশাহী কিংসের (১২ পয়েন্ট) পেছনে। যদিও আজ প্রথম পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসকে হারিয়ে প্লে-অফে খেলার সুযোগ উন্মুক্ত আছে এখনো। রানরেটও যেহেতু রাজশাহী কিংসের চেয়ে শ্রেয়তর, তাই আজ হারের বৃত্ত ভাঙলেই হবে।

সেটি কালই ভাঙার পক্ষে উপযুক্ত মঞ্চ প্রস্তুত হয়েই ছিল। চট্টগ্রাম থেকে বিপিএল ঢাকায় ফিরতে না ফিরতেই আবার লো-স্কোরিং ম্যাচ। তাতে ৮৭ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলা কুমিল্লা টেল এন্ডার মেহেদী হাসান (১৫ বলে ২০) ও ওয়াহাব রিয়াজদের (১২ বলে ১৬) ব্যাটে ইনিংসের শেষ বলে অল আউট হওয়ার আগে কোনোমতে ১২৭ পর্যন্ত পৌঁছাতে পারে। যা ঢাকার লম্বা ব্যাটিং লাইনের জন্য মামুলিই হওয়ার কথা ছিল। কিন্তু রান তাড়ার শুরু থেকেই কুমিল্লার রানও তাদের জন্য বরং অনেক দূরের পথ বলে মনে হতে শুরু করল।

শুরু করল সাইফউদ্দিনের বলে রনি তালুকদার (১) বোল্ড হয়ে যেতেই। ততক্ষণে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে ঢাকা ডায়নামাইটস। সেখান থেকে ২৯ রানে যেতে না যেতেই সাকিব আল হাসানকে (৭) বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার ধরে ফেলেছেন অফস্পিনার মেহেদী হাসানও। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে থাকা ঢাকার ব্যাটিং অবশ্য এরপর সুনীল নারিন ও কিয়েরন পোলার্ডের ৪২ রানের পার্টনারশিপে প্রাণ পায়। ফিরে পাওয়া ‘প্রাণ’ও হারাতে শুরু করে এর পর থেকেই।

নারিনকে (২৪ বলে ২২) ফিরিয়ে এই জুটি ভাঙেন শহীদ আফ্রিদি। এরপর বোলিংয়ে ফিরে আগের দুই ওভারে ১৩ রান দেওয়া ওয়াহাব রিয়াজ আরো আগুন ঝরাতে থাকেন। পাকিস্তানি এই বাঁহাতি পেসার পোলার্ড-আন্দ্রে রাসেল জুটিকে এমন কাঁপিয়ে দেন যে ওই ওভারে ব্যাট থেকে আসে মোটে ১ রান (আরেকটি লেগ বাই)। ১৬তম ওভারে আফ্রিদির মেডেন ঢাকার জন্য সমীকরণ কঠিন করে তোলে আরো। সেটি আরো কঠিনতর হয়ে যায় পরের ওভারে। পর পর দুই বলে পোলার্ড (৩৩ বলে ৩৪) ও নুরুল হাসানকে (০) তুলে নিয়ে হ্যাটট্রিক সম্ভাবনার সামনে দাঁড়ানো সাইফউদ্দিনের সেই ওভার থেকে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয় লেগবাই থেকে হওয়া ১টি রানই।

১২ বলে ব্যাট থেকে কোনো রান না হওয়াটা ঢাকার সামনে ১৮ বলে ৩৭ রানের দুরূহ সমীকরণই দাঁড় করিয়ে দেয়। তবু রাসেল ছিলেন বলে আশা ছিলই। ১৮তম ওভারে আফ্রিদিকে মারা দুই ছক্কায় রাসেল তা সজীবও করেন। পরের ওভারে ডিপ থার্ডম্যানে ক্যাচে হয়েও ওভারস্টেপিংয়ের জন্য ওয়াহাব রিয়াজের ‘নো’ বলে বেঁচে যাওয়া রাসেলের ব্যাটেই শেষ ওভারে ঝুলে ছিল ঢাকার ভাগ্য। শেষ ওভারের চ্যালেঞ্জ নিয়ে সাইফউদ্দিন কেমন করেন, সেটির ওপর নির্ভর করছিল কুমিল্লার ভাগ্যও।

সাইফউদ্দিন সেই নির্ভরতাই হয়েছেন। প্রথম বলে রুবেল হোসেনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে নিজের চতুর্থ শিকার ধরা এই পেসারের পরের বলে সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন শাহাদাত হোসেন। কিন্তু ওভারের তৃতীয় ও চতুর্থ বল ডট দেওয়ার পর সেই ছক্কায় শেষ বলের শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ। এবং শেষ বলে ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফউদ্দিনের ম্যাচ ভাগ্য গড়ে দেওয়া সেই দুর্দান্ত ইয়র্কার!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক