মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র এখনো চলছে : নাসিম

news-image

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ যুগে-যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে তৃণমূল নেতা-কর্মীদের প্রবল প্রতিরোধেই ষড়যন্ত্রকারীরা ভেসে গেছে। এখন সবার চোখ কান খোলা রাখতে হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের এত উন্নয়ন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের চিত্র তুলে ধরে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণকে বুঝাতে হবে শেখ হাসিনা কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।

বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, পালিয়ে যাবেন না। আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। বিশ্বকাপ ফুটবলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ফাউল করবেন না। তাহলে লাল কার্ড পাবেন। ডিসেম্বরের খেলাতেও শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরাই জয়ী হবো।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এখন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, বুঝতে হবে এর নাটের গুরু কারা? এদের উদ্দেশ্য কি?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মহানগর নেতা এ কে আজাদ, হেদায়েতুল ইসলাম স্বপন, কাজী মোর্শেদ কামাল, সানজিদা খানম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

কোটা সংস্কারের লক্ষ্যে গঠিত সরকারি কমিটির প্রতি অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দ্রুততম সময়ে কমিটির প্রতিবেদন দিয়ে তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেন। তা না হলে মতলববাজরা ফায়দা লুটবে। কোটা সংস্কার নিয়ে চক্রান্ত হচ্ছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, তরুণদের উসকানি দিয়ে ফেসবুক নামক একটি যন্ত্র ব্যবহার করে উত্তেজিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, কোটা থাকবে না। কোটা তো সংবিধানেও আছে, সংবিধান তো উপেক্ষা করতে পারবেন না। তারপরও নেত্রী কেবিনেট সেক্রেটারিকে দিয়ে কমিটি করে দিয়েছেন। অধৈর্য হওয়ার কি আছে?

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। ’৭০ সালের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি আগামী নির্বাচনও গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বিজয় ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই। আওয়ামী লীগের জন্য নয়। আমাদের নিজেদের জন্য নয়। দেশের মানুষের জন্যই আমরা দেশ পরিচালনার সুযোগ চাই।সূত্র: ইত্তেফাক

এ জাতীয় আরও খবর