পুলিশি বাধায় পণ্ড বুদ্ধিজীবী সমাবেশ, ফখরুলের ক্ষোভ
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়া পরিষদের আয়োজিত বিএনপিপন্থি পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। এছাড়া জিয়া পরিষদের কয়েকশ নেতাকর্মী বুদ্ধিজীবী সমাবেশে উপস্থিত হয়েছিলেন।
এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমি এখানে একজন অতিথি হিসেবে এসেছি। আমি এসেই দেখলাম সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ লিখিত অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়। পেশাজীবী, বুদ্ধিজীবীদের সমাবেশ ছিল। কিন্তু পুলিশ এই সমাবেশ করতে দিচ্ছে না। কেন জানতে চাইলে তারা বলেছে, অনুমতি নেই।
তিনি বলেন, এটা চরম স্বৈরাচারী একটা ব্যবহার। সমস্ত মত প্রকাশের স্বাধীনতাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা যে, ভিন্নমতের কোনো মানুষকে, কোনো সংগঠনকে তারা দাঁড়াতে দিচ্ছে না। আজকে এই সরকার ভয়াবহ ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হয়েছে। এভাবে তারা জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করছে।
বিএনপির মহাসচিব বলেন, এ ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ করছি, সরকারকে ধিক্কার জানাচ্ছি। তারা নূন্যতম স্বাধীনতা, সমাবেশ করতে দিচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের কথা, ক্ষোভের কথা। আজকে বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ ভয়ঙ্কর একটা দুঃশাসনের কাজ করছে। অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ বলেন, আমরা রমনা জোনের ডিসির কাছে লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করেছিলাম। তিনি আমাদের মৌখিকভাবে বলেছিলেন, সমাবেশ করতে। কিন্তু আজকে এখানে আসার পর পুলিশ বলছে লিখিত অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না।











