বিনা চ্যালেঞ্জে নির্বাচন নয়: মওদুদ
২০১৪ সালের মতো বিনা চ্যালেঞ্জে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। তিনি বলেন, বর্তমান সরকারের অত্যাচার-নিপীড়ন ও ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিবাদ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে হবে৷ আর সুষ্ঠু নির্বাচনের জন্য শর্ত হলো, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই কমিশন একটি অথর্ব ও দলীয় কমিশন। এরা সরকারের হয়ে কাজ করে।
শনিবার (১৪জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমী কতৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, সামনের আড়াই মাসে আমরা সরকারি দল বাদ দিয়ে জাতীয় পর্যায়ে সকল রাজনৈতিক দল, শ্রেণি, পেশাজীবী নিয়ে একটি ঐক্যের চেষ্টা করছি। কারণ আমরা মনে করি একটি ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিকভাবে উৎখাত করা যায় না। সুতরাং মাঠে নামতে হবে। মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার কথা চিন্তা করতে পারে না। আমাদেরকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে যে খালেদা জিয়াকে জেলখানায় রেখে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো কী পারবো না। সরকারকে আমাদের শর্তগুলো মানতে হবে। সরকারকে বাধ্য করা হবে জাতীয় ঐক্যের মাধ্যমে নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে। তাহলে এই বাংলাদেশে আবার সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে।
তিনি আরো বলেন, তারা বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। প্রধানমন্ত্রীও বলেন এটা। বিদেশিরাও বলে একই কথা। সবাই একমত এই ব্যাপারে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও একমত এই ব্যাপারে। এখন প্রশ্ন হলো – তারা নিশ্চয়ই জানেন ও বোঝেন যে অংশগ্রহণমূলক অর্থ হলো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা যদি মনে করে যে বিএনপি ছাড়া একটা অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হবে সেটা তারা ভুল করবেন। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে না।
কোটা আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই দাবি করে মওদুদ বলেন, ১১ এপ্রিল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বললেন যে কোটা থাকবে না। আবার ২৭ জুন বললেন কোটা থাকবে। আমি শুধু এটুকু বলতে চাই, গ্রেফতার বন্ধ করুন। যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মুক্তি দিন। এই শিক্ষার্থীদের ওপরে নির্যাতন বন্ধ করুন। যদি না করেন তাদের যে আন্দোলন দেখেছেন এর চেয়ে বৃহত্তর আন্দোলন এই শিক্ষার্থীরা করবে এবং দেশের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন থাকবে না।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মো.আজম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া,সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা,সহ তথ্য বিষয়ক সম্পাদক, কাদের গনি চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিন সাধারণ সম্পাদক, কাজী আবুল বাশার প্রমুখ।











