বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলফনামায় গরমিল, অভিযোগ ছাড়া যাচাই করে না কমিশন

news-image

ডেস্ক রিপোর্ট : আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন। দলীয় প্রতীকের এই সিটি নির্বাচনে দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের তিন সিটিতে মনোনয়ন পাওয়া মেয়র পদপ্রার্থীদের হলফনামা ঘেঁটে তথ্য গোপন, বিভ্রান্তিকর প্রমাণ পাওয়া গেছে।

এই তিন সিটির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন বলছেন, তারা প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাই করেন না। তবে কেউ অভিযোগ করলে সে ক্ষেত্রে তারা অভিযোগ থাকা প্রার্থীর হলফনামার তথ্য যাচাই-বাছাই করেন।

যদিও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে অসদাচরণের দায়ে তাকে অপসারণের বিধান রয়েছে।

যেসব অসঙ্গতি রয়েছে

তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন বরিশালের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটে বদর উদ্দীন আহমদ কামরান।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হলফনামায় দেখা যায়, তার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা কালীবাড়ী রোড, বগুড়া আলেকান্দা, ডাকঘর-বরিশাল সদর-৮২০০, বরিশাল সদর। কিন্তু হলফনামার সঙ্গে জমা দেওয়া আয়কর সনদে দেখা যায়, তার স্থায়ী ও বর্তমান ঠিকানা ২৫/১ লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘একটা মানুষের দুই জায়গায় ঠিকানা থাকতেই পারে, সম্পত্তিও থাকতে পারে। কথা হলো, উনি কোথাকার ভোটার? জাতীয় সংসদ নির্বাচনের জন্য একজন প্রার্থী বাংলাদেশের যেকোনো জায়গার ভোটার হলেই হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী যে এলাকার, তাকে সেই এলাকার ভোটার হতে হবে। উনি যদি বরিশালের ভোটার হয়ে থাকেন, তারপরও যদি অন্য কোনো জায়গায় তার ঠিকানা থাকে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তা ছাড়া এটা যদি আইনের ব্যত্যয় হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

এ ছাড়াও সাদিক আবদুল্লাহ্ চাকরি থেকে বছরে আয় এক লাখ ২০ হাজার। কিন্তু তিনি কোন চাকরি করেন, সেই তথ্যও গোপন করেছেন তিনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, ‘অন্যান্য’ বিভাগে আয় দেখালে প্রার্থীকে সুনির্দিষ্টভাবে আয়ের উৎস বলতে হবে। এ এইচ এম খায়রুজ্জামানের হলফনামা ঘেঁটে দেখা যায়, অন্যান্য বিভাগে বছরে তার আয় ১৯ লাখ ৯ হাজার ৭০৮ টাকা। কিন্তু কোথা থেকে এই পরিমাণ অর্থ আসে, সেই উৎস গোপন করেছেন।

হলফনামা অনুযায়ী, খায়রুজ্জামানের ব্যবসা থেকে বছরে আসে ৩২ লাখ টাকা। এর মধ্যে মাছের ব্যবসা থেকে ২০ লাখ টাকা আসে। বাকি ১২ লাখ টাকা প্রতি বছর কোন ব্যবসা থেকে আসে তা উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘হলফনামার ফরমটা আমি দেখি নাই। আমি জানি না হলফনামায় বিস্তারিত বিষয়টা কীভাবে উল্লেখ করা আছে।’

এ ছাড়াও খায়রুজ্জামানের স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৯২ লাখ টাকা। কিন্তু স্ত্রীর সম্পত্তির উৎস কী তা উল্লেখ করেননি লিটন।

সিলেটের বদর উদ্দীন আহমদ কামরানের হলফনামায় দেখা যায়, স্থাবর ও অস্থাবর মিলে কামরানের সম্পদ চার কোটি ৪৮ লাখ এক হাজার ৪৬২ টাকার। অন্যদিকে আসমা আক্তারের স্থাবর ও অস্থাবর মিলে সম্পদ রয়েছে পাঁচ কোটি ৭৫ লাখ ১৪ হাজার ৯২১ টাকার। সে হিসেবে কামরানের চেয়ে তার স্ত্রী আসমা আক্তারের সম্পদ এক কোটি ২৭ লাখ ১৩ হাজার ৪৫৯ টাকা বেশি। কিন্তু তার স্ত্রী আসমা আক্তার কামরান কোনো চাকরি বা ব্যবসা কিছুই করেন না। কিন্তু কামরান ও তার ওপর নির্ভরশীলদের বছরে আয় কত টাকা, সেটা উল্লেখ করেননি।

‘অভিযোগ ছাড়া হলফনামা যাচাই নয়’

মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা যাচাই-বাছাই করা হয় কি না, তা জানতে চাওয়া হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তার কাছে।

কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, ‘হলফনামার তথ্য যাচাই-বাছাই করা হয় বলে মনে হচ্ছে না আমার কাছে। তবে কোনো অভিযোগ পেলে হলফনামার তথ্য যাচাই-বাছাই করা হয়। সাধারণত এটাই হয়ে থাকে।’

প্রায় একই ধরনের উত্তর দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘বেসিকালি (মূলত) অভিযোগ আসলে যাচাই-বাছাই করা হয়। ফর এক্সাম্পল (উদাহরণস্বরূপ) কেউ যদি হলফনামায় তথ্য উল্লেখ না করেন, তাহলে আমরা কী করে বুঝব সেই জিনিসটায় সে আছে। এ রকম তো হাজারও জিনিস থাকতে পারে, তাই না? এ ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা অন্য কারো পক্ষ থেকে অভিযোগ আসে, তখন হয়তো আমরা যাচাই-বাছাই করি।’

নির্বাচনি হলফনামায় কেউ তথ্য গোপন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে কমিশনের এই দুজন জানান।

আইন যা বলে

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের হলফনামার যাবতীয় বিষয়-আশয়ে উল্লেখ আছে। তাতে বলা হয়েছে, কোনো প্রার্থী যদি তার হলফনামায় মিথ্যা তথ্য দেন, তাহলে অসদাচরণের দায়ে তাকে প্রত্যাহার করা হবে।

এই আইনের ৮ নম্বর ধারার ১ উপ-ধারায় বলা আছে, ‘মেয়র এবং প্রত্যেক কাউন্সিলরকে শপথ গ্রহণ বা ঘোষণা প্রদানের সময় ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরসহ (যদি থাকে) সংশ্লিষ্ট কর অফিসে দাখিলকৃত ও গৃহীত তাহার এবং তাহার পরিবারের সদস্যদের দেশে ও বিদেশে অবস্থিত স্থাবর, অস্থাবর সম্পত্তির সর্বশেষ বিবরণ, একটি হলফনামার মাধ্যমে সরকার কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে।’

পরিবারের সদস্য বলতে এখানে বোঝানো হয়েছে সংশ্লিষ্ট মেয়র বা কাউন্সিলরের স্ত্রী বা স্বামী এবং তার সঙ্গে বসবাসকারী ও নির্ভরশীল পিতা, মাতা, পুত্র, কন্যা, সৎপুত্র, ভাই ও বোনকে।

হলফনামায় প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে ৮-এর ৩ উপ-ধারায় বলা আছে, ‘উপ-ধারা (১)-এর অধীন দাখিলকৃত হলফনামা এবং (২)-এর অধীন দাখিলকৃত লিখিত বিবরণ অসত্য প্রমাণিত হইলে, উহা অসদাচরণ গণ্য হইবে এবং উক্ত অসদাচরণের অভিযোগে ক্ষেত্রমত, মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে।’

১৩ নম্বর ধারার ঘ উপ-ধারা অনুযায়ী, অসদাচরণের দায়ে মেয়র ও কাউন্সিলররা অপসারণ হবেন। – প্র্রিয়.কম