মুক্তিযোদ্ধা সন্তানের হাতে রামদা!
কোটা সংস্কার আন্দোলনে হাতুড়ি দিয়ে তরিকুলকের ওপর হামলার ঘটনায় ভিডিও দেখে মলাকারীদের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলেও জানা গেছে।
প্রথম আলোর তথ্য মতে, হাতুড়ি দিয়ে শিক্ষার্থী তরিকুল ইসলামের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায়। আবদুল্লাহ আল মামুনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
হামলার সময় রামদা হাতে দেখা গেছে লতিফুল কবির ওরফে মানিককে। তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতা। তাঁর বাড়ি লালমনিরহাট বলে জানা গেছে।
বড় লাঠি হাতে হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে মিশু। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায়। হামলার ব্যাপারে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, তিনি প্রথম আঘাত করেননি। ভিডিওটা প্রথম থেকে দেখলে বোঝা যাবে। তবে হামলায় ছিলেন বলে স্বীকার করেন।
তরিকুল ইসলামের মাথায় লাথি মারতে দেখা যায় ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রমিজুল ইসলাম ওরফে রিমুকে। তিনি ছাত্রলীগের সহসভাপতি। তাঁর বাড়ি নাটোর বলে জানা গেছে। রমিজুল ইসলাম স্বীকার করেছেন তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন।
এ ছাড়া পরিচয় পাওয়া গেছে হামলাকারীদের এমন আরও ছিলেন, আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান লাবন, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহমেদ সজিব ও বঙ্গবন্ধু হল শাখার সহসভাপতি মিজানুর রহমান সিনহা।
হামলার বিষয়ে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘কোটা আন্দোলনের নামে সেদিন যাঁরা এসেছিলেন তাঁদের ভেতরে প্রচুর শিবির ঢুকে পড়েছিল। তারা পতাকা বহনের নামে লাঠি বহন করছিল। ছাত্রলীগের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল কেউ যেন কোটা আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে না পারে।’
তরিকুলের ওপরে হামলার বিষয়ে তিনি বলেন, ওদের মোকাবিলা করতে গিয়েই ওই ঘটনাটি ঘটেছে। তাদের মোকাবিলা না করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল হয়ে যেত। এ ব্যাপারে জড়িত ছাত্রলীগের কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফরিদ খান কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে নগ্ন পায়ে শহীদ জোহার মাজারে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ধরনের নৃশংস ঘটনা যারাই ঘটাক, ছাত্রলীগ হোক বা অন্য কেউ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষক গতকাল বৃহস্পতিবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সংবাদ সম্মেলন করে এ হামলার বিচার দাবি করেছেন।
সূত্র: আমাদেরসময়











