মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার আহবান বিএনপির

news-image

সারা দেশে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের দিকে সরকারকে অগ্রসর হওয়ার আহবান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ আহবান জানায়।

তিনি বলেন, যতোই অত্যাচার, নির্যাতন-নিপীড়ণ ও জেল-জুলুম চলুক না কেন যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। জুলুম নির্যাতনের ধারা এভাবে চলতে থাকলে জনগণের ক্ষোভের চিতায় আত্মাহুতির দিকেই তাদেরকে এগিয়ে যেতে হবে। সরকারের উচিৎ হবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের দিকে সরকারকে অগ্রসর হওয়া।

প্রধানমন্ত্রীর সাথে ছাত্রলীগ নেতাদের বৈঠক নতুন করে প্রতিবাদকারিদের রক্ত ঝরাতে উৎসাহিত করবে মন্তব্য করে তিনি বলেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে পুলিশ ও দলীয় ক্যাডারদের নগ্নভাবে ব্যবহার করছে সরকার। একইভাবে আগামী নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ড করতে সরকার নির্দেশ দিয়েছেন বলে মনে হচ্ছে।

রিজভী বলেন, এদেশে গণতন্ত্রের-জমি এখন সম্পূর্ণভাবে বেদখল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, স্বীকৃতিপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনার আগ্রাসী থাবায় সারাদেশই এখন বধ্যভূমি। গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, গ্রেফতার, নির্যাতন ও দলীয় সন্ত্রাসীদের তান্ডবই হলো এখন শেখ হাসিনার টিকে থাকার অবলম্বন। গণমাধ্যমে প্রকাশ গুম ও গ্রেফতার আতঙ্কে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিনযোগ্য মামলায় সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আইন, আদালত, বিচার ও প্রশাসনসহ সবকিছু করায়াত্ত করে আওয়ামী লীগ দম্ভে ও গর্বে আত্মস্ফীত হয়ে উঠেছে। ন্যায়বিচারকে তারা বিলীন করে এক ঝড়ভূত পরিবেশ তৈরী করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতে নতুন নতুন নীলনকশা আঁটছে সরকার। অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছে বলেই জনগণ বিশ্বাস করে।