বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ঔদ্ধত্য

news-image

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরির পরীক্ষায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গতকাল সোমবার দফায়-দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। মারধরের পর আন্দোলনকারীদের কাউকে কাউকে পুলিশের কাছেও সোপর্দ করা হয়। একের পর এক ছাত্রলীগের এ আচরণ ঔদ্ধত্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। একাধিক সূত্রমতে, ছাত্রলীগের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে কিছু নেতা অতি উৎসাহী হয়ে উঠেছেন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে চালানো এ হামলায় আন্দোলনকারী ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে পুলিশে সোপর্দ করেছে হামলাকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন মোটরসাইকেলের বহর

নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ। এ সময় কাউকে সন্দেহ হলে পিটিয়ে থানায় সোপর্দ করেছে তারা।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। গত শনিবার কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনের প্রাক্কালে মারধরের শিকার হয়েছিলেন তিনি। নূরুল হক অভিযোগ করেছেন, চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। শুনানিকালে রাশেদ খানের মা-বাবা ও বোনেরা উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণে একমাত্র ছেলের মুক্তির জন্য রাশেদ খানের মায়ের কান্নায় এক ভারি পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত পতাকা মিছিলে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের পতাকা মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের বেধড়ক মারধরে গুরুতর আহত এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সরব উপস্থিতির কারণে আন্দোলনকারীরা জমায়েত হতে না পারলেও ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিলেও সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় পরিষদ।
সর্বশেষ, দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে গত শনিবার সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল আন্দোলনকারীদের পরিষদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল সাড়ে দশটায় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও এর আগেই পরিষদের নেতাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ অন্তত সাতজন আহত হন। এ হামলার প্রতিবাদ ও দ্রুত প্রজ্ঞাপণের দাবিতে রবিবার সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল পরিষদ। কিন্তু এসব কর্মসূচিতেও হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদেই রবিবার আন্দোলনকারীরা ঘোষণা দেন, গতকাল সোমবার মানববন্ধন ও পতাকা মিছিল কর্মসূচির।

এদিন বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। শহীদ মিনার থেকে পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে টিএসসিতে তুলে নিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকেসহ অন্য এক আন্দোলনকারীকে পুলিশে সোপর্দ করেন তারা। ফারুক হাসানকে মারধরের নেতৃত্বে দেখা গেছে বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন রহমানকে। তার বিরুদ্ধে এর আগেও নারী নির্যাতন ও সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। এদিকে হামলার সময় আন্দোলনকারী এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা। এ ছাড়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থীকেও মারধর করেন তারা। এর মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়জন ছাত্রলীগ নেতা এক ছাত্রীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ লাঞ্ছনার ছবি গতকাল ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর শহীদ মিনারে হামলার নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত, মুহসীন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, এসএম হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধরে অংশ নিয়েছিলেন। মারধরকারী ছাত্রলীগের নেতারা প্রত্যেকেই ছাত্রলীগের আসন্ন নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী। এর বাইরে দুই ছাত্রীকে লাঞ্ছিত করতে দেখা যায় মুহসীন হলের সাংস্কৃতিক সম্পাদক আলী আব্বাস, এসএম হলের সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সৌরভকে। আটক দুজনের মধ্যে যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও আরেকজন ছাত্রী আছেন বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তবে তিনি এ বিষয়ে কথা বলতে সম্মত হননি।

এদিকে সকাল থেকেই ক্যাম্পাসে মহড়া দিতে থাকে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে টিএসসি, শাহবাগ, শহীদ মিনার এলাকায় জড়ো হওয়া আন্দোলনকারীদের ওপর চড়াও হন তারা। ক্যাম্পাসের কোথাও কাউকে দাঁড়াতে দেননি তারা। আন্দোলনকারী হিসেবে কাউকে সন্দেহ হলেই তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকজনকে মারধরও করা হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন গতকাল বলেন, ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ১৫-২০ জন মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমাদের ওপর হামলা করে। আমি দৌড়ে পালাতে পারলেও ফারুকসহ কয়েকজনকে ব্যাপক মারধর করে তারা।

যুগ্ম আহ্বায়ক লুৎফুননাহার মিলা বলেন, শনিবার সংবাদ সম্মেলন করতে না দেওয়া এবং ধারাবাহিক হামলার প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আজ (গতকাল সোমবার)। আমরা শহীদ মিনারে পৌঁছতেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। মেয়েদেরও তারা লাথি-ঘুষি মেরেছে। একটি মেয়ের মাথাও ফেটে গেছে।

দিনব্যাপী ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া ও তল্লাশি মোটরসাইকেলের বহর নিয়ে ঢাবিা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি তল্লাশি চালানোর নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, স্কুল কার্যক্রমবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, প্রচার সম্পাদক সাইব বাবু, উপপ্রচার সম্পাদক আরাফাত, উপদপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপসম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া এই দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আল আমীন রহমান, হাজী মুহাম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, কবি জসীমউদ্দীন হলের সভাপতি আরিফ হোসেন, জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান সোহান, জগন্নাথ হলের সাধারণ সম্পাদক উৎপল দাস, বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি হাসিব মির। এ ছাড়া আলাদাভাবে শোডাউন করতে দেখা গেছে ছাত্রলীগের আসন্ন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী রেজোয়ানুল হক চৌধুরী শোভনকে। তিনি তার অনুগত কর্মীদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শোডাউন দেন। ছাত্রলীগের বেশ কয়েক নেতা জানান, প্রধানমন্ত্রী ছাত্রলীগের আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদপ্রত্যাশীদের কথা বলার জন্য ডেকেছেন। কাল সন্ধ্যায় গণভবনে এদের সঙ্গে কথা বলবেন তিনি। মূলত দীর্ঘদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ছাত্রলীগ সমর্থন দিলেও কমিটিকে কেন্দ্র করে নিজেদের জাহির করতেই অতিউৎসাহী কতিপয় নেতা ও তাদের অনুসারী কর্মীরা এসব হামলা চালায়।

ছাত্রলীগের সংশ্লিষ্টতা নেই : এসএম জাকির হোসাইন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ বিষয়ে বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্ঠতা নেই। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। এরপর আর আন্দোলন করার যৌক্তিকতা নেই। তবে অর্থের ভাগবাটোয়ারা নিয়ে কোটা আন্দোলনের নেতাদের অভ্যন্তরীণ সংঘাত কখনই ছাত্রলীগের ওপর দায় চাপানোর সুযোগ নেই।

হামলার বিষয়ে কিছু জানি না : ঢাবি প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ব্যাপারে আমি কিছু জানি না। কেউ আমার কাছে হামলার বিষয়ে কোনো অভিযোগ করেনি। কেউ যদি ফোনে বা সরাসরি অভিযোগ করে তা হলে আমরা ব্যবস্থা নেব। ঢাবির কোনো শিক্ষার্থী আহত হয়ে থাকলে তবে তাদের অবশ্যই চিকিৎসা দেওয়া হবে।

নূরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরুল হল নূরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মানববন্ধনে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধাদানকারীদের মধ্যে ছিলেন ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রচার সম্পাদক সাইফ বাবু, সূর্যসেন হলের সভাপতি গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু হলের সম্পাদক আল আমিন রহমান, বিজয় একাত্তর হলের সভাপতি ফকির আহমেদ রাসেল প্রমুখ নেতা। তবে বাধা উপেক্ষা করেই বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, কতিপয় ছাত্র আমাদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দেয়। আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন কটূক্তি করেছে। শিক্ষার্থীদের ছবি তুলে রেখে পরবর্তী সময়ে মারধর করার হুমকি দিয়েছে। তিনি বলেন, আমার কাম্পাসে আমার ছাত্রকে মারা হয়েছে, এ জন্য আমরা মানববন্ধন করছি। আমাদের বাধা দেওয়ার আপনারা কে? আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।

আইনি সহায়তার ঘোষণা
কোটা সংস্কারের দাবিতে ‘হয়রানির শিকার’ আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন একদল আইনজীবী। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলরন এমন ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগও ছিল কোটা আন্দোলনে
কোটা আন্দোলনের শুরুতে এতে সক্রিয় অংশগ্রহণ ছিল ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের’ নেতৃস্থানীয় পদেও আছেন ছাত্রলীগের পদধারী। আন্দোলনের এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় শীর্ষ নেতারাও সমর্থন দেন। এমনকি প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরাও আনন্দ মিছিল করেন।
তবে সম্প্রতি প্রজ্ঞাপনের দাবিতে নতুন করে আন্দোলন দানা বাঁধতে শুরু করলে বিরোধিতায় নামে ছাত্রলীগ। আর তার সর্বশেষ রূপ গত কয়েকদিনের হামলা।

হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে তারা এই মশাল মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজীব কুমার দাস প্রমুখ। আমাদেরসময়