‘আওয়ামী সরকার দেশে এতিম জেনারেশন তৈরি করতে চায়’!
সরকারের মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার বাংলাদেশে ‘একটি এতিম জেনারেশন তৈরি করতে চায়।’ বেআইনী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার তাদের টিকে থাকার সমাধান খোঁজে। কিন্তু তারা ভুলে গেছে অন্যায়ের প্রতিশোধ প্রকৃতি নিজেই নেয়। একটি বেআইনী হত্যা আরও অনেক হত্যার বিস্তৃতি ঘটায়।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও দাবি করে রিজভী বলেন, আমি আবারও দাবি জানাই-জামিন নিয়ে কানামাছি খেলবেন না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানাচ্ছি
মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেও সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি বলেছেন, এ ধরনের মহৎ অভিযানে দু একটি ভুল হতেই পারে’। মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। খুনী-সন্ত্রাসীদের ন্যায় বেআইনী হত্যাকে স্বীকৃতি দেয়া। কাউন্সিলর একরাম হত্যার অডিও শুনে, তাঁর স্ত্রী ও মেয়েদের কান্না শুনে শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয় এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে প্রায় ১৩০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে ২৫০ জন মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের বেশীরভাগই আবার তরুণ যুবক। তারা কে কতটুকু অপরাধের সাথে জড়িত সে সম্পর্কে জনগণকে অন্ধকারে রেখে বিনা বিচারে হত্যার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে।
রিজভী বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই-ড্রাগ চেইনের লিংক হিসেবে চুরি চোট্টামি করা ছিঁচকে কিছু মানুষসহ প্রমাণহীন আরো অজ্ঞাত অনেকের বিরুদ্ধে হত্যা অভিযান চালানো হলেও চেইনের শীর্ষে বসে থাকা অমিত ক্ষমতাধর গডফাদার’রা বসে আছে কী করে ? প্রশ্ন হচ্ছে সরবরাহের উৎস পথ আঁটকে যাচ্ছে না কেন ? তাহলে কারা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ঢুকতে সহায়তা করছে ? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া কী উৎসমুখ খোলা থাকে ? কারণ এই উৎসমুখগুলো নিয়ন্ত্রণ করেন বদিদের মতো এমপি’রা-প্রশাসনের সহায়তায়। বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে গেল জাতি তা জানতে চায়। সরকারই গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করছে।
মাদকের বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগ এই অভিযোগ করে রিজভী বলেন, তাদের সহায়তাকারী হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। তাদের এ সাড়ে নয় বছরে মাদকে ছেয়ে গেছে দেশ। প্রতিবেশী দেশ যথা ভারত থেকে ফেনসিডিল ও মিয়ানমার থেকে ইয়াবা আমদানিকে মদদ দিয়ে যুবসমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে তারা পুরোপুরি ধ্বংস করে এখন মাদক ঢুকিয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংস করছে। এখন কথিত বন্দুকযুদ্ধের নামে এডহক ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টায় বিচারহীনতার সংস্কৃতিকে আরেক দফা উস্কে দিচ্ছেন ওবায়দুল কাদের সাহেবরা।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একরাম হত্যা তদন্ত করবে একজন ম্যাজিস্ট্রেট। এসব মনভোলানো কথায় জনগণের আতঙ্গ দূর হবে না। এ ধরণের বক্তব্যও একটা তামাশা বলেও মন্তব্য করে বিএনপির মুখপাত্র।
ঢাকায় আয়োজিত একটি ইফতার মাহফিলে আসার সময় সিরাজগঞ্জ জেলাধীন শাহজাদপুর পৌর বিএনপি’র সভাপতি ও রাজশাহী বিশ্বিবিদ্যালয় এস এম হলের সাবেক জিএস ছাত্রনেতা খন্দকার তারিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।











