বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের লবিং

news-image
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন।
জনসমর্থন আদায়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দোয়া চেয়ে চালোনো হচ্ছে ব্যাপক প্রচারণা। নির্বাচন কমিশন কিংবা দলীয় কোনো নির্দেশনা আনুষ্ঠানিকভাবে এখনো না এলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। এ উপনির্বাচন নিয়ে এখন সবাই সরব। নাসিরনগরের সচেতন ভোটাররা মন্ত্রী ছায়েদুল হকের মতো যোগ্য একজন কাণ্ডারিকে খুঁজছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের আলোচনায় আছেন- প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মীনি দিলশাদ আরা বেগম চিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এমএ করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান। সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদের নামও আলোচিত হচ্ছে। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান নির্বাচন করবেন কি না তা নিয়েও আছে আলোচনা। এ ছাড়া মাঠে রয়েছেন জাতীয় কৃষক পার্টির নির্বাহী কমিটির সদস্য শাহানুল করিম (সেলিম)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৮৮৭ জন ও নারী ভোটার ১ লাখ ১ হাজার ১১০ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ নির্বাচিত হন।
ইত্তেফাক