মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, বহু প্রাণহানির আশংকা

news-image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭.৩০ মিনিটে উড়ালসেতু দিয়ে চলাচল করার সময় এমট্র্যাক ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে দেশটির অন্যতম প্রধান মটরওয়েতে বিধ্বস্ত হয় বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এ ঘটনায় এখন ৫ জন পর্যন্ত আহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

বগি দুটি উড়ালসেতু থেকে নিচের রাস্তায় পড়ে যাওয়ায় ইন্টারস্টেট ৫ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রেনটি কমপক্ষে ৭৫ আরোহী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রেনের বগি নিচে কোনও গাড়ির ওপর পড়েছে কিনা তা পরিস্কার জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এখনও অনেকেই এই ট্রেনের বগির মধ্যে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর দুটো বগি নিচে পড়ে যায়। এই বগি দুটি উড়ালসেতুর নিচ দিয়ে চলাচল করা গাড়ির ওপরে পড়ে অন্তত তিনটি গাড়ি বিধ্বস্ত হয়। গাড়িতে থাকা যাত্রীর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার পথে ৪৫ মিনিট চলার পর দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৮০ মাইল গতিতে (১৩০ কিলোমিটার) চলছিল।

উল্লেখ্য, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটি উচ্চ গতির নতুন রেল লাইন দিয়ে চলছিল। এই নতুন রেল লাইন দিয়ে এটাই ছিল প্রথম ট্রেন চলাচল। সূত্র : বিবিসি