নিজের মনের মতন মানুষ হতে চান?
লাইফস্টাইল ডেস্ক : ‘ইশ! আমি যদি ওমন হতাম’ কথাটি নিশ্চয়ই একাধিকবার শুনেছেন আপনি। কোনকিছুই একইরকম থাকেনা আজীবন, সবকিছুই বদলায়। সকলেই কারো না কারো মতন হতে চায় কিন্তু এতে করে যে বদলানোর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সেটা কেউ চান না।
তবে আপনি কী জানেন, ইচ্ছে করলেই একদম নিজের মনের মতন মানুষ হতে পারেন আপনি। ব্যাপারটি খুব কঠিন কিন্তু নয়। শুধুমাত্র কয়েকটি অভ্যাসের সংমিশ্রণ থাকলেই এটি সম্ভব। তবে আর দেরি কেন? চলুন,জেনে নিই।
অনুপ্রেরণা খুঁজুন
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কোন জিনিসটি আপনাকে অনুপ্রাণিত করে? ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হলো অনুপ্রেরণা খোঁজা। খুব ছোট কোন উক্তিই হতে পারে সেটি কিংবা কোন কাজ সম্পন্ন করার পর নিজেকে কোন উপহার দিতে পারেন। সেটি যাই হোক, নিজেকে সর্বদা অনুপ্রাণিত রাখুন।
প্রতিদিনের রুটিনে নিজের জন্যেও খানিক সময় রাখুন
নিজেকে ভালোবাসার অভ্যাস গড়ে তুলুন। আপনি তখনই সফল হতে পারবেন যখন স্বাস্থ্যকর, স্বচ্ছ ও মুক্তমন থাকবে আপনার। নিজের স্বপ্নের মানুষ হিসেবে পরিণত হতে চাইলে অবশ্যই মন, শরীর ও আত্মার মধ্যে সামঞ্জস্যতা তৈরি করুন।
ব্যর্থতা থেকে শিক্ষালাভ করুন
কোন কাজে ব্যর্থ হলে মোটেই মনঃক্ষুণ্ণ হবেন না। বরং সেগুলো থেকে অভিজ্ঞতা, শিক্ষা ও শক্তি গ্রহণ করুন। প্রত্যেকটি মানুষকেই জীবনের কোন না কোন পর্যায়ে গিয়ে পরীক্ষা দিতে হয়, কষ্টের সম্মুখীন হতে হয়। সেগুলো নিয়ে কাজ করুন, অবহেলা নয়।
অন্যের সঙ্গে কখনোই নিজের তুলনা করবেন না
সফল ও গর্বিত মানুষদের অনুসরণ করতেই পারেন আপনি, কিন্তু কোনভাবেই তাদের সঙ্গে নিজের তুলনা করবেন না কিংবা তাদের সামনে নিজেকে ক্ষুদ্র মনে করবেন না। আপনি কিছু বিষয়ে তাদের থেকে শিক্ষা অর্জন করতেই পারেন। কিন্তু অন্ধভাবে তাদের অনুসরণ করা বাস্তবসম্মত নয়।
বাস্তবসম্মত ও স্পষ্ট লক্ষ্য ঠিক করুন
একটি পরিকল্পনা বানান। সুনিশ্চিত লক্ষ্য ঠিক করুন। কোনভাবেই নিজ লক্ষ্য থেকে দূরে সরবেন না। নিজের পরিস্থিতিতে অটুট থাকুন। জীবনের সকল ক্ষেত্রেই শক্ত ও সমর্থ হবার দরকার আছে। আপনি এ অভ্যাস করতে চাইলে লক্ষ্যগুলো টুকে রাখুন খাতায়, প্রতিদিন সেগুলো দেখুন এবং গুরুত্ব দিন।
সর্বোপরি, ধৈর্য ধরুন এবং সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করুন। সেদিন খুব বেশি দূরে নয়, যখন আয়নায় নিজেকে দেখে প্রচণ্ড গর্ববোধ হবে আপনার এবং নিজেকেই নিজের ‘রোল মডেল’ মনে হবে।











