সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাম রহিমের বিরুদ্ধে নতুন তথ্য দেবেন গাড়িচালক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে জোড়া খুনের মামলায় নতুন করে জবানবন্দি দেবেন তাঁর সাবেক গাড়িচালক খাট্টা সিং।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও হরিয়ানায় সিরসার সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিংকে হত্যা মামলায় অভিযুক্ত রাম রহিম। গতকাল শনিবার ওই জোড়া খুনের মামলার শুনানি হয়। সেখানেই খাট্টা সিং জানিয়েছেন, তিনি আগের জবানবন্দি বদল করে নতুন করে জবানবন্দি দিতে চান।

প্রতিবেদনে বলা হয়, এই মামলায় ২০০৭ সালে রাম রহিমের সাবেক গাড়ি চালক খাট্টা সিং সাক্ষ্য দিয়েছিলেন। পরে ২০১২ সালে তিনি ওই সাক্ষ্য পরিবর্তন করে নতুন করে সাক্ষ্য দেন।

এ বিষয়ে খাট্টা সিং গতকাল আদালতে বলেন, তিনি আগে যে সাক্ষ্য দিয়েছেন তা ‘রাম রহিম ও তাঁর পোষা গুন্ডাদের’ হুমকির মুখে দিয়েছেন। এ কারণে এখন তিনি নতুন করে সাক্ষ্য দিতে চান। ওই জোড়া হত্যাকাণ্ডের সময় তিনি ডেরাতেই ছিলেন। তাই তিনি আসল ঘটনা জানেন। এবারে তিনি একদম সঠিক তথ্যটাই দিতে চান।

প্রতিবেদনে বলা হয়, ২২ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন আদালত আবার নতুন করে খাট্টা সিংয়ের জবানবন্দি নেবেন।

রাম রহিমের আইনজীবী এস কে গার্গ নারওয়ানা বলেন, গতকাল সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিং হত্যা মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আবার এই মামলার শুনানি হবে। এদিকে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় চূড়ান্ত যুক্তিতর্কের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও রণজিৎ সিং হত্যা মামলায় শুনানিকে কেন্দ্র করে গতকাল হরিয়ানার পঞ্চকুলায় আবারও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভারতের তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ বিচারক জগদীপ সিংয়ের আদালতে এই মামলার শুনানি হয়। গত ২৫ আগস্ট একই আদালত দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন। পরে ২৮ আগস্ট রাম রহিমকে ওই দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জোড়া খুনের মামলার শুনানির সময় অন্য অভিযুক্তদের আদালতে হাজির করা হলেও রাম রহিমকে হাজির করা হয়নি। রোহতাকের সানোরিয়া কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শুনানিতে অংশ নেন।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার সাবেক ব্যবস্থাপক রণজিৎ সিংকে ২০০২ সালে হত্যা করা হয়। এই হত্যা মামলায় ডেরাপ্রধান রাম রহিমকে অভিযুক্ত করে সিবিআই।

এদিকে লুকআউট নোটিশ জারির পর পলাতক গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসানের গাড়ি চালক প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ। তাঁকে রাজস্থানের সালাসার শহর থেকে শুক্রবার আটক করা হয়। পুলিশের ধারণা, আটক প্রদীপের মাধ্যমে হানিপ্রীতের অবস্থান সম্পর্কে জানা যাবে।

আদালত গত ২৫ আগস্ট রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করার দিন আদালত চত্বর থেকে তাঁকে নিয়ে পালানোর ছক করেছিলেন হানিপ্রীত। কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। এরপর থেকে হানিপ্রীতের কোনো খোঁজ নেই পুলিশের কাছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা