,

রাম রহিমের ‘অ্যাঞ্জেল’ হানিপ্রীত নেপালে লুকিয়ে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুরমিত রাম রহিমের সঙ্গে জেলে থাকতে দেওয়ার দাবিতে তিনি এক সময় অবস্থান নিয়েছিলেন হরিয়ানার রোহতক জেলের সামনে। অথচ রাম রহিমের ২০ বছর কারাদণ্ড হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না!

তিনি সদ্য কারাদণ্ডপ্রাপ্ত ধর্ষক রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রীত। পুলিশের ধারণা রহস্যময়ী এই নারী নেপালে পালিয়েছেন।

এরইমধ্যে হানিপ্রীতের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। কিন্তু তার কোন সন্ধান এখনও মেলেনি।

নাম প্রকাশ না করে হরিয়ানা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, রাম রহিমের ‘‍অ্যাঞ্জেল’ হানিপ্রীত প্রতিবেশি দেশ নেপালে গা ঢাকা দিয়েছেন বলে তাদের ধারণা। এজন্য নেপাল সীমান্তে নজরদারি চালানো হচ্ছে।

হানিপ্রীতের বিরুদ্ধে দেশদ্রোহ ও রাম রহিমকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ষ‌ড়‌যন্ত্রের অভি‌যোগ এনেছে পুলিশ।

পুলিশ বলছে, রাম রহিমের সমস্ত সম্পত্তি দখলের পরিকল্পনা রয়েছে হানিপ্রীতের। তবে শুধু হানিপ্রীতই নন, কয়েক দিন ধরে নিখোঁজ ডেরা সচ্চা সওদার জনসং‌যোগ আধিকারিক আদিত্য ইনসানও। তিনি হানিপ্রীতের সঙ্গেই রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

তবে তারা দুজনই নেপালে রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে হরিয়ানা পুলিশ।

অবশ্য অন্য একটি সূত্রের খবর, হানিপ্রীত হরিয়ানার রোহতকে কোনো ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছেন।

কয়েক বছর আগে হানিপ্রীতকে দত্তক নেন ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম। ‘‍পাপা’‍স অ্যাঞ্জেল’‍ বলেই পরিচিত ছিলেন তিনি। পুলিশ বলছে, রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের অবাধ ‌‌যৌনাচার জানাজানি হওয়ার পর তাকে দত্তক নেন ধর্ষক রাম রহিম। সূত্র: জি নিউজ