উ.কোরিয়ার ওপর চাপ বাড়াতে সম্মত অ্যাবে-ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার ওপর আরো চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এক টেলিফোনালাপে তারা চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হন।
ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ধরে টেলিফোনে কথা বলার পর অ্যাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতি দ্রুত জাতিসংঘে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো চাপ জোরদার করবো।’
ট্রাম্পের বরাত দিয়ে অ্যাবে আরো বলেন, ট্রাম্প এ ব্যাপারে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি দৃঢ় অঙ্গীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র শতভাগ জাপানের পাশে রয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়াব। এ ব্যাপারে আমরা চীন, রাশিয়া ও আন্তর্জাতিক গোষ্ঠীকে পাশে নেয়ার চেষ্টা চালাব এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির নীতি পরিবর্তনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আরো জোরালো চাপ প্রয়োগ করব।’
গত সপ্তাহে জাপান জানায়, তারা উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করা চীন ও নামিবিয়ার বিভিন্ন কোম্পানির সম্পদ জব্দ করার মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নতুন অবরোধ আরোপ করবে।
মঙ্গলবার সকালের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি পূর্বদিকের একটি এলাকা থেকে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ার আগে জাপানের আকাশসীমা অতিক্রম করে। তবে জাপান ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের কোনো চেষ্টা করেনি।
জাপানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ক্ষেপণাস্ত্রটি অবতরণের আগে তিন টুকরা হয়ে যায়। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। জাপানের উত্তরাঞ্চলে জারি হয়েছে সতর্কবার্তা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটি হুমকি থাকলেও গত আট বছরে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গেল এটি। এর আগে, গত শুক্র ও শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।











