বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিফিনের টাকায় ‘পথ তারার ইশকুল’

news-image

বিশেষ প্রতিনিধি : দু-বেলা দু-মুঠো ভাত মুখে তুলে দেওয়ার মতো হয়তো কেউ নেই ওদের, আবার যাদের আছে তাদের থাকা আর না থাকার মাঝেও তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। তাই কোনো কোনোদিন হয়তো অভুক্ত থেকেই পুরোদিন পার করে দিতে হয়। আর সারাদিনের ক্লান্তি গায়ে মেখে আঁধার ঘনিয়ে যখন পৃথিবীর বুকে রাত নেমে আসে তখন আকাশের ওই চাঁদকে সাথী করে রাস্তার ফুটপাতেই হয় ওদের শোয়ার বিছানা। তবে ব্রাহ্মণবাড়িয়ায় গেলে দেখা মিলবে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। পথশিশুদের নিয়ে গড়ে ওঠা ‘পথ তারার ইশকুল’-এর কল্যাণে সুবিধাবঞ্চিত সেই সকল শিশু আজ শিক্ষার মুখ দেখতে শুরু করেছে। দেখতে শুরু করেছে নানা রঙিন সব স্বপ্ন।

কেন্দ্রবিন্দু রেল স্টেশন

শুরুটা হয়েছিল ২০১৫ সালে। স্কুলটির প্রতিষ্ঠাতা আফনান, তার বন্ধু অন্তু ও রুবেলের হঠাত্ ইচ্ছে জাগলো সুবিধাবঞ্চিত শিশুদেরকে স্বাক্ষর দেওয়া শেখাবে।  যে বলাই  সেই কাজ।  সেই থেকেই ধীরে ধীরে পথশিশুদের পড়ালেখা শেখানোর উদ্দেশ্যে শুরু হয় আজকের এই ‘পথতারার স্কুল’। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ পথশিশুর দেখা মেলে মূলত এখানকার রেল স্টেশনকে ঘিরে। তাই শুরু থেকেই এই স্কুলটির কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুও হয় এই রেল স্টেশনটি। বর্তমানে প্রায় অর্ধশতাধিক পথশিশু এই স্কুলটির মাধ্যমে নিয়মিত শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা, পুরোদিনের এই ৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার পথশিশুদের শিক্ষা দিতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় আফনান, রুবেল, অন্তুসহ আরও অনেককেই। প্রাতিষ্ঠানিক স্কুলগুলোতে সপ্তাহে ৬ দিন ক্লাস হলেও এখানে সপ্তাহে প্রতিদিনই ওদের জন্য ক্লাসের ব্যবস্থা রয়েছে। তবে এখানকার শিক্ষা পদ্ধতি একটু ভিন্নই বটে। প্রথমেই বাচ্চাদের জন্য মানসম্মত খাবারের আয়োজন করা হয়। নাস্তা খাবার পর শুরু হয় পড়ালেখার কার্যক্রম। এভাবেই গত দেড়বছর ধরে পথশিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার অনেক তরুণ-তরুণী। ব্যক্তিজীবনে সবাই শিক্ষার্থী হলেও এখানে তাদের শিক্ষকের ভূমিকাতেই দেখা যায়। বর্তমানে পুরো স্কুলটির পেছনে সর্বমোট ১২০ জন কাজ করে যাচ্ছে। সংখ্যাটা একটু বেশি মনে হলে স্কুলটির প্রতিষ্ঠাতা আফনান সাকিবকে এ বিষয়ে জিজ্ঞেস করে  জানা গেল, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছাড়াও লোকনাথ দিঘীর পার্ক, শিমরাইল কান্দিতে এর আরও দুটো শাখা রয়েছে।
এখানেই শেষ নয়…

বর্তমানে ধীরে ধীরে স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই দেখা যায় দু-একজন নতুন শিশুর আগমন ঘটছে এই পথতারার স্কুলে। তাই নতুন-পুরাতনদের কথা চিন্তা করেই পথশিশুদেরকে ৩টি ভাগে ভাগ করে মূলত এখানে শিক্ষা দেওয়া হয়। যারা একেবারেই নতুন তাদের জন্য আলাদা ব্যবস্থা, আবার পড়ালেখার দিক দিয়ে যারা খুব বেশি পিছিয়ে তাদের জন্য একটি বিভাগ এবং সর্বশেষ যারা পড়ালেখাকে বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছে তাদের জন্য আরো একটি বিভাগ রয়েছে। তাছাড়া এসব শিক্ষার্থীদের মাঝে যারা বেশ মেধাবী তাদেরকে এই পথতারার স্কুল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুলে ভর্তি করে দেওয়া থেকে শুরু করে পড়ালেখার জন্য তাদের যাবতীয় সকল খরচ ওরা নিজেরাই বহন করে। এখন পর্যন্ত ৩ জনকে স্কুলে ভর্তি করতে সক্ষম হয়েছে পথতারার স্কুল নামক এই সংগঠনটি। সংগঠনটির আরও একটি বিশেষত্ব হলো পথশিশুদের বিনামূল্যে পড়াশোনা করানোর পাশাপাশি ওদের সবার খাতা-কলমের খরচও এর সদস্যরাই বহন করে। তাই ওদের বাবা-মায়েরাও তার সন্তানদের এমন স্কুলে পড়াতে পেরে বেশ খুশি।

পথশিশুদের স্বপ্নপূরণ

পড়ালেখা করানোর পাশাপাশি এসব কোমলমতি শিশুদের জীবনে এক টুকরো হাসি এনে দেওয়ার জন্যও যেন চেষ্টার কোনো কমতি নেই সংগঠনটির। বছরের দুটো ঈদ থেকে শুরু করে পহেলা বৈশাখসহ বিভিন্ন উত্সবে নতুন কাপড় দেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থীকে। তাছাড়া প্রতিমাসে একদিন সকলকেই জেলার একটি রেস্টুরেন্টে খাবারের আয়োজন করে আফনানের এই পথতারার স্কুল। মাসের এই একটি দিন তাই সকল শিক্ষার্থীদেরই খুব বেশি পছন্দের। এছাড়াও ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলটির পক্ষ থেকে। সর্বশেষ এ বছরের ২৬ মার্চ শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এতকিছুকে ছাপিয়ে স্কুলটির বার্ষিক উত্সব হিসেবে পালিত ফল উত্সবেই শিশুদের সবচেয়ে বেশি মেতে থাকতে দেখা যায়!

এ সম্পর্কে পথতারার স্কুটির প্রতিষ্ঠাতা আফনান সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গতবছর ফল উত্সবে ওদের জন্য শ্রীমঙ্গল থেকে আনারস, নরসিংদী থেকে লটকন, রাজশাহী থেকে আম, ব্রাহ্মণবাড়িয়া থেকে কলার ব্যবস্থা করে ফল উত্সবের আয়োজন করা হয়েছিল।’ শিক্ষা প্রদানের পাশাপাশি বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য বছরে এ রকম বেশকিছু কর্মসূচি করা হয় পথতারা স্কুলের পক্ষ থেকে। তবে এর জন্য বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন হয়। তবে অবাক করা বিষয় হলো এই দু-বছরের পথচলায় সবকটি কর্মসূচির সকল অর্থ তারা নিজেরাই বহন করে আসছে। এর সকল ভলেন্টিয়াররা প্রতিমাসেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাচ্চাদের খাতে ব্যয় করার জন্য জমা দিয়ে থাকে। আর সেই অর্থ থেকেই মূলত পথশিশুদের জন্য এতকিছু সম্ভব হয়ে থাকে।

আফনান সাকিব তাদের ফান্ড প্রসঙ্গে বলেন, ‘আমরা চেষ্টা করি ওদের খানিকটা হলেও প্রয়োজন মিটাতে। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই অনেকেই স্বেচ্ছায় পড়াচ্ছেন। স্কুলটা চলে অনেকের টিফিনের টাকায়, আবার অনেকের পকেট খরচে। তবে আমরা যদি আর্থিকভাবে আরও সাবলম্বী হতাম তাহলে আরও ভালোভাবে কাজগুলো করতে পারতাম।’

টাকার অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও সম্রাটের বাবা-মা তাকে স্কুলে ভর্তি হতে পারেনি, পারেনি সম্রাটকে একটু খানি আলোর পরশ দিতে। তবে ব্রাহ্মণবাড়িয়ার সেই ছোট্ট সম্রাট আজ গুটিগুটি পায়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সবার মতো সম্রাটও অ, আ, ক, খ শেখে। তবে সবই সম্ভব হয়েছে কেবল এই পথতারার স্কুলের মাধ্যমে। এ স্কুলেরই একজন সদস্য অন্তু। বর্তমানে সে একাদশ শ্রেণিতে পড়ছে। এ সকল বাচ্চাদের পড়াতে কেমন লাগে জানতে চাইলে অন্তু জানায়, ‘খুব ভালোলাগা কাজ করে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’

সকাল ৮টা বাজলেই ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন, লোকনাথ দিঘীর পাড় এবং শিমরাইল কান্দি ব্যস্ত হয়ে ওঠে শতশত শিশুর কলরবে। শিক্ষার আলোয় আলোকিত হতে প্রতিদিনই ওরা ভিড় জমায় পথতারার স্কুলে। টাকা দিয়ে স্কুলে ভর্তি করাতে না পেরে এখন আর এখানে কোনো শিশুকেই পড়ালেখা থেকে বঞ্চিত হতে হয় না, বঞ্চিত হতে হয় না শিক্ষার আলো থেকে।