মেয়েদের শারীরিক শিক্ষা চালু করছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক :ধীরে হলেও মেয়েদের প্রতি উদার নীতি অবলম্বনের পথে হাঁটছে সৌদি আরব। বাক স্বাধীনতা ও নারী অধিকার প্রশ্নে সদা সমালোচিত দেশটি শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিতে চলেছে। সে দেশে এ বছরই চালু হতে চলেছে মেয়েদের শারীরিক শিক্ষা।
মঙ্গলবার সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, শরিয়া আইনের সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের জন্য শারীরিক শিক্ষা চালু করা হবে। তবে শুরুতেই পুরোদমে চালু করা সম্ভব নয় বলে পর্যায়ক্রমে দেশের সব ছাত্রীকে শারীরিক শিক্ষার আওতায় নেয়া হবে।
তবে ‘শারীরিক শিক্ষা’ বিষয়টি পাঠক্রমের বাইরে ‘ঐচ্ছিক’ হিসেবে থাকবে, নাকি বাধ্যতামূলক হবে – বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।
সৌদি আরবে নারী শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা চালুর প্রস্তাব অনুমোদন পেয়েছিল ২০১৪ সালে। কিন্তু শুরা কাউন্সিলের অনুমোদন দেয়ার পরই ধর্মগুরুরা এই উদ্যোগকে ‘পশ্চিমা সংস্কৃতির অনুকরণ’ বলে সমালোচনামুখর হয়ে ওঠেন। ফলে তখন আর তা কার্যকর করা যায়নি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের পর তাদের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নারীদের পক্ষ থেকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
লিনা আল-মাঈনা সৌদি আরবে সুপরিচিত নাম। শুরা কাউন্সিলের সদস্য তিনি। এছাড়া দেশে প্রথম নারীদের ক্রীড়া সংগঠনেরও (জেদ্দাহ ইউনাইটেড বাস্কেটবল ক্লাব) প্রতিষ্ঠাতা তিনি। মেয়েদের শারীরিক শিক্ষা প্রদান বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতি প্রসঙ্গে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে তিনি বলেন, ‘‘এ এক ঐতিহাসিক ঘোষণা। খেলাধুলার অপর নামই তো ক্ষমতায়ন।”
উল্লেখ্য, সৌদি আরবে নারীদের এখনো গাড়ি চালানোর অনুমতি নেই। বিদেশ ভ্রমণ বা পাসপোর্ট করানোর আগে পরিবারের কোনো পুরুষ সদস্যের অনুমতি নেয়া বাধ্যতামূলক। সৌদি নারীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও দীর্ঘদিন অংশ গ্রহণ করেননি। ২০১২ সালে দেশের প্রথম নারী প্রতিযোগী হিসেবে অলিম্পিকে অংশ নেন দু’জন ক্রীড়াবিদ। এরপর ২০১৬ সালের অলিম্পিকে চারজন নারীকে অলিম্পিকে অংশ গ্রহণের সুযোগ দেয়া হয়। সূত্র : ডয়চে ভেলে











