বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল থাকুক ঝলমলে, এই বাদল দিনেও

news-image

“তোমার চুলের বর্ণনায় কাটাতে পারি তামাম জীবন
আঁকতে পারি এক একটির নিবিড় সুন্দরতা
অন্য প্রেমিক অন্য চোখে দেখে নেয় ভালোবাসার মুখ,
তোমার চুলের বিন্যাসে আমি পাই আমার মুগ্ধতা।”
– পাবলো নেরুদা

এই যে প্রিয়তমার চুল নিয়ে কবির মুগ্ধতার বয়ান, এ চিরন্তন অনুভূতি পৃথিবীতে ছিলো আছে এবং থাকবে! পৃথিবীজুড়ে যুগ যুগ ধরে মুগ্ধ প্রেমিকেরা, কবিরা, শিল্পিরা প্রেয়সীর চুল নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

একরাশ ঘন কালো চুল যে নারীর রূপ বাড়িয়ে দেয় কয়েক গুণ, সে তো কারও অজানা নয়। এই কালো, মোহনীয় চুল কিন্তু একদিনে পাওয়া নয়, বহু সাধনার ফসল।

চুল থাকুক ঝলমলে, এই বাদল দিনেও
তাদের দেখেছি এশিয়ায়
এশিয়া মহাদেশে মেয়েদের কালো চুল বংশগত। আবার এ অঞ্চলে বাইরের ধুলা-ময়লা আর পরিবেশ দূষণের কারণে চুলের পরিচর্যাটাও করতে হয় একটু বেশি। তবে লম্বা চুলের সবচেয়ে বড় সুবিধা এতে বেণি, খোঁপা, ঝুঁটি পছন্দমতো যে কোনো স্টাইল করা সম্ভব, আবার চুল খোলা রাখলেও তা হয় আরেকটা স্টাইল। লম্বা চুলের চর্চায় করতে হয় বহু কিছু। তবে এই লম্বা চুলের যে আবেদন, তা ধরে রাখতে এতটুকু সাধনা বোধহয় করাই যায় অনায়াসে!

বর্ষায় চুলের যত্ন
বছরের ১২ মাসই চুলের যত্ন নিতে হয় । তবে বর্ষাকালে এটি বাধ্যতামূলক। কারণ বর্ষার আবহাওয়া ঠাণ্ডা ও গরম। এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ কারণে জন্ম নেয় ছত্রাক । ফলাফল ত্বক ও চুলের নিষ্প্রাণ হয়ে যাওয়া। প্রথমেই পরিচর্যার আগে জেনে নিতে হবে চুলের ধরন। স্বাভাবিক, তৈলাক্ত ও শুষ্ক- প্রত্যেক ধরনের চুলের যত্ন আলাদাভাবে করতে হবে। চুলপড়া, খুশকি, স্ক্যাল্পে ঘামাচির মতো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিপাকে পড়তে হয় বর্ষায়। তাই এ সময় চুলের ব্যাপারে অনেক যত্নবান হতে হবে।

ধরন বুঝে যত্ন নিন
ক. যাদের চুল তৈলাক্ত, বৃষ্টির দিনে তাদের চুল আরও বেশি তৈলাক্ত দেখায়। ঠাণ্ডা আবহাওয়ায় চুল দেরি করে শুকায় বলে চুল নেতিয়ে থাকে। সে ক্ষেত্রে শ্যাম্পু করার পর পানিতে লেবুর রস মিশিয়ে চুলে দিলে চুলে বিশেষ উজ্জ্বলতা আসবে। লেবুর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন।

খ. চুলের ধরন তৈলাক্ত হলে কন্ডিশনার ব্যবহার করবেন না। আর যাদের চুলের ধরন শুষ্ক, তারা শ্যাম্পু ও কন্ডিশনার দুটোই ব্যবহার করবেন। একটি উপকারী প্যাক হচ্ছে: টকদই, মধু, পাকা পেঁপে বা পাকা কলা ভালোভাবে পেস্ট করে চুলে ব্যবহার করতে পারেন। এ প্যাকটি ২০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

গ. স্বাভাবিক ধরনের চুলের যত্নও নেওয়া সবচেয়ে সহজ। তবে মনে রাখতে হবে চুলের গোড়ায় যেন ময়লা জমে না থাকে। প্রতিদিন শ্যাম্পু করতে হবে। তবে বেশি করে পানি দিয়ে শ্যাম্পু পরিষ্কার করতে হবে। কন্ডিশনারও একই পদ্ধতিতে ব্যবহার করতে হবে। যাদের চুলের ধরন শুষ্ক তাদের জন্য একটি উপকারী প্যাক হচ্ছে আমলা। এ প্যাক বাজারে কিনতে পাওয়া যায়। এ আমলা প্যাকের সঙ্গে টকদই ভালোভাবে মিশিয়ে মাথায় লাগাতে হবে। এটা ১৫ মিনিট রেখে পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আর এ প্যাকটি তৈলাক্ত এবং স্বাভাবিক চুলের জন্যও ভালো।

ঘ. যাদের চুল পাতলা, বর্ষা মৌসুমে তারা চুলের বিশেষ যত্ন নিতে পারেন পাকা কলা দিয়ে। কলা ভালোভাবে ব্লেন্ড করে এর সঙ্গে ৩ টেবিল চামচ মেয়োনিজ ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। প্যাকটি ৪৫ মিনিট চুলে লাগিয়ে রাখতে হবে। পরে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।

চুল থাকুক ঝলমলে, এই বাদল দিনেও
জেনে নিন আরও
ক. চুলে খুশকি থাকলে নিম পাতা পেস্ট করে এর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ঘরে তৈরি এই প্যাক ব্যবহারে খুব দ্রুত উপকার পাবেন।

খ. চুল যদি নিস্তেজ ও প্রাণহীন হয়ে থাকে তখন পাকা পেঁপে হতে পারে এর ভালো সমাধান। খোসা ছাড়িয়ে পেঁপে বেল্গন্ড করে নিন। এর সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন আধা ঘণ্টার জন্য। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ. যাদের অনেক বেশি চুল পড়ে আর খুশকি সমস্যা আছে তাদের জন্য মেথি খুব উপকারী। সারা রাত মেথি পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে ভেজানো মেথি ভালো করে পেস্ট করে চুলে আধা ঘণ্টার জন্য লাগিয়ে রাখতে হবে। চুল ধোয়ার পর পরিবর্তনটা নিজেই টের পাবেন।

ঘ. মাসে অন্তত একবার চুলের আগা ট্রিম করুন। আগা বেশি রুক্ষ হলে বা ফেটে গেলে চুলের আগা কেটে ফেলুন।

ঙ. যতই তাড়া থাকুক হেয়ার ড্রায়ার ব্যবহার এড়িয়ে চলুন। হেয়ার ড্রায়ার ব্যবহারে দ্রুত চুল ড্যামেজ হয়।

চ. যেই সুন্দর চুলের জন্য এত কাঠখড় পোড়ান, তার জন্য মাথার ত্বকও ভালো রাখা চাই। এ ছাড়া নিয়মিত খাদ্যাভ্যাস, প্রচুর মৌসুমি ফল, প্রচুর পরিমাণে পানি, সবজি, ব্যক্তিগত অভ্যাস ও ঘুমের প্রতি নজর দিতে হবে। তবেই ঘন, কালো চুলের প্রতি সুবিচার করা হবে!

এ জাতীয় আরও খবর