অবসরের বয়সসীমা বাড়ছে গবেষক-বিজ্ঞানীদের
নিউজ ডেস্ক : বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক, বিজ্ঞানীদের অবসরের বয়সসীমাসংক্রান্ত অবস্থানপত্র গ্রহণ করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধিসংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র গ্রহণ করা হয়। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর দুপুরে মন্ত্রপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি জানান, উন্নয়ন প্রকল্প ও অনুন্নয়ন বাজেটের পূর্ত কাজের জন্য আর্থিক সীমা নির্ধারণের এ প্রস্তাব মন্ত্রিসভায় পাঠায় অর্থ বিভাগ।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য দীর্ঘ সময়ক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে প্রকল্প কাজ সম্পন্ন করতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব করা হয়। সংশোধন প্রস্তাবে বলা হয়, সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং অধঃস্তন দপ্তর, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ১০০ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজ এবং যন্ত্রপাতি সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট সেবা কিনতে পারবে এককভাবে। এ ক্ষেত্রে মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে না। তবে এক শ কোটি টাকার ঊর্ধ্বের কোনো পণ্য কিনতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হবে।
মন্ত্রিপরিষদসচিব জানান, অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে পূর্ত কাজের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠানও ১০০ কোটি টাকা পর্যন্ত পণ্য এককভাবে কিনতে পারবে। তবে পূর্ত কাজের যন্ত্রপাতি ক্রয়ের এ সীমা ৫০ কোটিই থাকবে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের পরামর্শক নিয়েগের ক্ষেত্রে ৩০ কোটি টাকা এবং অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে ২০ কোটি টাকা এককভাবে খরচের ক্ষমতা দেওয়ার প্রস্তাব বিবেচনার জন্য বলা হয়। বিদ্যমান ব্যবস্থায় দুটি ক্ষেত্রেই পরামর্শক নিয়োগে সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া এককভাবে ব্যয় সীমা ১০ কোটি টাকা।











