কী চমক থাকছে আজ?
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আজ দ্বিতীয় ও শেষ দিন। আজকের সম্মেলন মূলত কাউন্সিলরদের। সারা দেশ থেকে আসা ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলরকে নিয়ে সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসবে কাউন্সিল অধিবেশন। তারা নির্বাচন করবেন দলের আগামী নেতৃত্ব।
সেখানে পুরনো কমিটি বিলুপ্তির পর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এই পদে শেখ হাসিনার বিকল্প নেই আপাতত। তাই ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করতে থাকা বঙ্গবন্ধু-কন্যাই আবার সভাপতি হচ্ছেন সেটা নিশ্চিত।
তবে ধোঁয়াশা চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। গতকাল সম্মেলনের প্রথম দিনও কাউন্সিলর, ডেলিগেটসহ আগত নেতাকর্মীদের মধ্যে আলোচনার প্রধান বিষয় ছিল কে হচ্ছেন সাধারণ সম্পাদক- বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, নাকি প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের?
দুই দিন আগেও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফই ছিলেন একমাত্র আলোচনার কেন্দ্রে। বৃহস্পতিবার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ঢুকে পড়েন ওবায়দুল কাদের। যদিও কাদের এর আগে বলেছিলেন সাধারণ সম্পাদক পদে প্রার্থী নন তিনি- কিন্তু সম্মেলন শুরুর প্রাক্কালে তার অনুসারীদের বিপুল প্রচার- দলের সাধারণ সম্পাদক হিসেবে শেখ হাসিনার প্রথম পছন্দ ওবায়দুল কাদের। নিজের ঘনিষ্ঠজনদের নাকি তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বলেছেন সে কথা।
ক্ষমতাসীন দলের শীর্ষ দুই পদে রদবদল হবে না বলেই ধরে নিয়েছিলেন নেতাকর্মীরা। তাই সব আলোচনা ঘুরপাক খাচ্ছিল বিশেষ করে গঠনতন্ত্রে কী পরিবর্তন আসছে, নতুন কমিটিতে নতুন মুখ আসছেন কারা, কিংবা কারা বাদ পড়ছেন- এসব নিয়েই। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন-তিনবার বলেছেন দলে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা। এমনকি নিজের পদেও নতুন মুখ খোঁজার তাগিদ দেন তিনি। এমনকি গত মঙ্গলবার রাতেও তিনি জানান, দলে নতুন নেতৃত্ব আসছে।
দলীয় সভাপতির এই বক্তব্যের পরপরই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায় এবং সেটি বেশ জোরালো প্রচার পায়। তার সমর্থকদের মধ্যে শুরু হয় উল্লাস। মিষ্টি বিতরণও হয় নিজেদের মধ্যে।
তবে ওবায়দুল কাদের এ বিষয়ে গণমাধ্যমে বা অন্য কোথাও কিছু বলেননি। দলের জাতীয় সম্মেলন শুরুর দুই দিন আগে বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মঞ্চ পরিদর্শনে যান তিনি। সেখানে থাকা সাংবাদিকরা সাধারণ সম্পাদক নিয়ে গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নেত্রীর প্রতি আমাদের বিশ্বাস, আস্থা আছে। তিনি আমাদের যে পদে দায়িত্ব দেবেন সেখানেই আমরা কাজ করব। তবে কে কোন পদে আসছেন তা জানার জন্য ২৩ তারিখ বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এদিকে ওবায়দুল কাদেরকে নিয়ে যখন জোরালো গুঞ্জন চলছে সর্বত্র, সম্মেলনের আগের দিন শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, দলের চমক সম্পর্কে জানেন শুধু তিনি আর শেখ হাসিনা। তার ভাষায়, ‘দলের ২০তম সম্মেলনে চমক থাকছে নিশ্চয়। তবে সেই চমকটা কী সে সম্পর্কে জানি আমি আর নেত্রী। সেটা আর কেউ জানে না।’ তিনিও চমক জানতে রবিবার পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য বলেন।
গত দুই জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সৈয়দ আশরাফ আবারও এই পদে নির্বাচিত হচ্ছেন- এত দিন এমনটাই বলে আসছিলেন দলের নেতারা। তবে অন্যান্যবার সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আগেভাগে ইঙ্গিত দিলেও এবার এ বিষয়ে কিছু বলেননি দলীয় সভাপতি।
ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দলের সম্মেলনে কারা নেতৃত্ব পাবেন, কারা পদোন্নতি পাবেন সে নিয়ে জল্পনা-কল্পনা বা কথাবার্তা যা-ই থাক, একটি চমক অবশ্যই দেবেন শেখ হাসিনা। তবে সেটি কী, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানেন না তারা।
নেতারা বলছ্নে, আওয়ামী লীগের বিগত সম্মেলনগুলোর প্রতিটিতেই কোনো না কোনো চমক দেখিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সেটা কখনো করেছেন বিতর্কিতদের বাদ দিয়ে, আবার কখনো ত্যাগী ও কর্মঠ নেতাদের মূল্যায়নের মাধ্যমে। তারুণ্যনির্ভর ও নারীর অংশগ্রহণ বাড়িয়ে কমিটি গঠনের মাধ্যমেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবারও ব্যতিক্রম হবে না।
আলোচনার সবশেষ খোরাক জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজকে ঘিরেও। গত কয়েক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় সোহেল হঠাৎ করেই সম্মেলনের দুই দিন আগে বৃহস্পতিবার রাতে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বাসায় যান। সেদিনই আবার দুপুর থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে গুঞ্জন চলছিল।
সম্মেলনে চমকের ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তিনি ঠিক চমক কথাটা বলতে চান না। তার ভাষায়, ‘তবে আওয়ামী লীগের সম্মেলনে সব সময় নতুনত্ব থাকে। প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের কর্মচঞ্চলতা দিয়েই আমাদের সম্মেলন হয়। এবারও আপনারা তাই দেখবেন। অপেক্ষা করুন, দেখুন কী হয়।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ছয় বছর পর ১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরার আগেই তাকে দলের সভাপতি নির্বাচন করেছিল আওয়ামী লীগ। ১৯৮১ সালে দেশে ফিরে অসংগঠিত দলকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে আনেন বঙ্গবন্ধু-কন্যা। ৩৫ বছর ধরে দলের দায়িত্বে থাকা শেখ হাসিনা ইদানীংবলছেন, তিনি ক্লান্ত। দলে দূর থেকে উপদেষ্টা হিসেবে থাকতে চান তিনি।
শেখ হাসিনার এই বক্তব্যে আলোচনায় আসে বঙ্গবন্ধু পরিবার। শেখ হাসিনা ছাড়া এ পরিবারের আর কে আসছেন এবারের কমিটিতে- এই নিয়ে যেমন আলোচনা চলছে দলের নেতাকর্মীর মধ্যে, তেমনি রাজনৈতিক সচেতন মহলেও। শেখ রেহানা ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী সজীব ওয়াজেদ জয়কে ঘিরেই আলোচনা বেশি।
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের দুই দিনের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে শনিবার। সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা। এবারের জাতীয় কাউন্সিলের স্লোগান- ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার/ এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার কাউন্সিল অধিবেশনে নির্বাচন করা হবে নতুন কার্যনির্বাহী সংসদ। কমিটি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মশিউর রহমান এবং সাবেক সচিব রশিদুল আলমকে নিয়ে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয়া আওয়ামী লীগের বয়স এখন ৬৭ বছর। দলটির সর্বশেষ ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ঢাকাটাইমস











