দারিদ্র্য জয়ের সাফল্য দেখে অভিভূত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মানুষের দারিদ্র্য জয়ের সাফল্য ও উদ্যোগ দেখে অভিভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, বাঙালিরা অত্যন্ত পরিশ্রমী। তারা কাজ করতে পারে, পিছিয়ে পড়ে না। কলেরা ও যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ কিভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা দেখতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশ এর অনুকরণ করে সুফল পেয়েছে।

গতকাল বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শনকালে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, এ দেশে দারিদ্র্য বিমোচনে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে। তারা হাঁস মুরগি ও পশু পালন করে স্বাবলম্বী হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে আরো অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেন কিম। তিনি বলেন, গরু পালন, মাছের চাষ করে আজ নারীরা ঘুরে দাঁড়িয়েছে। তাদের ছেলেমেয়েরা আগে স্কুলে যেত না। এখন যাচ্ছে। সবকিছুই ভালো লেগেছে, ভালোর দিকে যা?চ্ছে। আমরা ভবিষ্যতে আরো অর্থায়ন করবো। এর আগে সকাল সাড়ে ৮টায় হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান জিম ইয়ং কিম। এরপর সড়ক পথে তিনি জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের নারীর ভাগ্যবদল ও দারিদ্র্য জয়ের চিত্র স্বচক্ষে দেখার জন্য রওনা হন তিনি। সেখানে পৌঁছে বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) নামের একটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি সেখানে নারীদের ভাগ্যবদলের দৃশ্য দেখেন। প্রায় একঘণ্টা সেখানে অবস্থানকালে ক্ষুদ্রঋণ সহায়তার মাধ্যমে দারিদ্র্য জয়ের চিত্র পর্যবেক্ষণ করেন তিনি। এদিকে বিশ্বব্যাংকের প্রধানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিমানবন্দর থেকে শুরু করে বাবুগঞ্জের রাকুদিয়া গ্রাম ও উজিরপুরের বামরাইল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। কয়েকদিন থেকে সেখানে অবস্থানসহ নজরদারি জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন। বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের আগমন উপলক্ষে পরিকল্পনা মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভাগ্যবদল হওয়া পরিবারের মধ্যে দারিদ্র্য জয়ী দক্ষিণ রাকুদিয়া গ্রামের গৃহবধূ শিউলি বেগম জানান, ২০১২ সালে এসডিএফ থেকে বিশ্বব্যাংকের নতুন জীবন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকার সঙ্গে তার বিয়ের সময় পাওয়া কিছু গহনা বিক্রি করা টাকা মিলিয়ে একটি গাভী কেনেন। এরপরে সেই গাভীর দুধ বিক্রি করে পরিশোধ করেন ঋণের টাকা। পরের বছর আরো টাকা ঋণ নিয়ে আরো একটি গাভী কিনেন। এখন তিনি ৪টি গরুর সাহায্যে কম্পোস্ট সারসহ দুধ বিক্রি করে ভালো টাকাই উপার্জন করেন। ঘরেই রয়েছে মিনি মুরগির ফার্ম। আর এভাবেই তার সংসারে ফিরে এসেছে সুখ ও সচ্ছলতা। এসডিএফ দেহেরগতি ইউনিয়নের ফেসিলেটর নকিবুল ইসলাম জানান, এই এলাকায় সংস্থার কার্যক্রম শুরু হওয়ার পর তারা দেহেরগতি ইউনিয়নে ১৫টি সমিতির মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু করেন। বর্তমানে ১৫টি সমিতির আওতায় তাদের সদস্য রয়েছে ১ হাজার ৮৪৪ জন। একই চিত্র বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নে। সেখানেও ১৫টি সমিতির আওতায় সদস্য রয়েছে ১ হাজার ৮১৩ জন। তিনি বলেন, সমিতিতে সঞ্চয়ের পাশাপাশি তারা ঋণ নিয়ে গাভী পালন, মুরগি পালন, মাছ চাষ ও কৃষিকাজের মাধ্যমে নিজ নিজ স্থানে স্বাবলম্বী হয়েছেন। নারীরা পরিবারে আয়ের পাশাপাশি পুষ্টির জোগান দিচ্ছেন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বরিশালে দুটি দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিদর্শন করেন। সকাল ৯টায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে পৌঁছেন। সেখানে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে সম্পৃক্ত নারীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কাজ শেষে দুপুর ১২টার দি?কে বরিশাল থেকে হেলিকপ্টারে ঢাকায় ? রওনা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট এসডিএফ বা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান কাজ শুরু করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে। টেকসই সংগঠন তৈরির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করছে এই প্রতিষ্ঠনটি। পশু পালন, মৎস্যচাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এই প্রতিষ্ঠান।
এরপর প্রশিক্ষণ গ্রহিতারা সংগঠন তৈরি ও ঋণ গ্রহণের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করেন। প্রকল্প পরিদর্শন করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত এ সমিতি থেকে ১৫৪ জন নারীকে দেয়া হয়েছে ৫১ লক্ষ টাকা ঋণ সহায়তা। আদায়ের হার শতকরা ৯৫ ভাগ। এক কথায় রাকুদিয়া গ্রাম আজ প্রায় দরিদ্রমুক্ত হতে চলেছে।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী তিন বছরে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, ঢাকায় নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহাবুব উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবো। এর আগে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, আগামী তিন বছরে শিশুদের অপুষ্টি দূর করতে বর্তমানের তুলনায় ১০০ কোটি ডলার বেশি দেয়া হবে বাংলাদেশকে। ওই বৈঠকে তিনি বলেন, সব সদস্য দেশের জন্য ৫০ শতাংশ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব মিলিয়ে দুই দিনের সফরে বাংলাদেশকে মোট ৩০০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি এলো বিশ্বব্যাংক প্রেসিডেন্টের কাছ থেকে।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের উন্নয়নে আগের মতো পাশে থাকার। তিনি বলেন, বাংলাদেশে যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ে, সে জন্য বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। এ ছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বব্যাংকের নীতি আগের মতোই থাকবে। জিম ইয়ং কিম বলেন, বাংলাদেশে চমৎকার পরিবেশ বিরাজ করছে। বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আশা করি বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় বিশ্বব্যাংক। ভবিষ্যতে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পগুলোতে কোনো দুর্নীতি হলে কি করা হবে এমন প্রশ্নের জবাবে জিম ইয়াং কিম বলেন, বাংলাদেশে আমাদের অনেক প্রকল্প চলমান রয়েছে। সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। এক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি যেন না হয়, সে বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।
পদ্মা সেতুর ব্যাপারে জিম ইয়ং বলেন, দুর্নীতির প্রশ্নে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি চলমান রয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বিশ্বব্যাংক মনে করে, দুর্নীতির ব্যাপারে বিশ্বব্যাংক সব দেশের জন্য একই নীতি অনুসরণ করে। এর কোনো ব্যত্যয় হবে না। তিনি বলেন, যেকোনো প্রকল্প দুর্নীতিমুক্ত হওয়া উচিত। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে বিশ্বব্যাংক বিষয়টি আমলে নেবে।
বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বাংলাদেশ অনেক লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ বাংলাদেশ হাতে নিয়েছে, যা পজেটিভ।
কিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, বাংলাদেশ তাদের অন্যতম। আর যেহেতু দরিদ্র মানুষই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে, আমাদের এখনই এ বিষয়ে উদ্যোগী হতে হবে। দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সামনের কাতারে রয়েছে মন্তব্য করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, এর ফলে সাম্প্রতিক সময়ে ঝড়, সাইক্লোন ও বন্যায় ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ যাতে দুর্যোগ প্রশমনে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, সেজন?্য বিশ্বব্যাংক গ্রুপ সহায়তা করার পরিকল্পনা করেছে।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কিম বলেন, বাংলাদেশকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে প্রথমেই ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে ‘পলিসি রিফর্ম’ করতে হবে। বর্তমানে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ খুবই কম। তাই বাংলাদেশকে ব্যক্তি খাতের বিনিয়োগের ওপর খুবই জোর দিতে হবে। এ জন্য অবকাঠামো উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ বাড়াতে হবে।
কিম বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন দেশের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে। যার মধ্যে রয়েছে শক্তিশালী প্রশাসনিক কাঠামো, বিচারব্যবস্থা ও সরকারি ব্যাংকের স্বচ্ছতা এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা। একই সঙ্গে সরকারকে রাজস্ব আদায়ের হার বাড়াতে হবে।
উল্লেখ্য, বিশ্বব?্যাংক জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় এ পর্যন্ত যে অর্থ বাংলাদেশকে দিয়েছে, তা এসেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (আইডিএ) হিসেবে বিভিন্ন প্রকল্পের আওতায়। আলাদাভাবে এই খাতে তহবিল জোগানোর ঘোষণা এবারই প্রথম।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রাম সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের দরিদ্র নারীদের পরিবর্তন দেখে আমি খুব খুশি। এদেশের মানুষের বর্তমান অবস্থা বিশ্বব্যাংককে অর্থায়ন বাড়াতে উৎসাহিত করেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী, তারা সহজে পিছিয়ে পড়েন না। এ অঞ্চলের মানুষ ভালো কাজ করতে জানেন। বাংলাদেশের মানুষের বর্তমান এ অবস্থা বিশ্বব্যাংককে আরো অর্থায়নে উৎসাহিত করছে।
জিম ইয়ং কিম বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে এই দরিদ্র নারীরা প্রশিক্ষণ পেয়েছেন। মাছের চাষ, গাভী পালনসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তারা। সুবিধা নিয়েছেন, এমন নারীদের সঙ্গে আলাপ করে বুঝলাম, এই নারীরা এখন আত্মপ্রত্যয়ী। তাদের সন্তানরা এখন স্কুলে যায়।











