জঙ্গি নেতা আরিফের দাফন সম্পন্ন
খুলনা প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা ও দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর উত্তর কান্দী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে দণ্ডিত আরিফের ফাঁসি কার্যকর করা হয়। ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ আরিফের স্ত্রী খাদিজা বেগমের কাছে মরদেহ হস্তান্তর করেন। মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তায় রাত পৌনে ১টার দিকে আরিফের মরদেহ তার শশুর বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তর কান্দী গ্রামে আনা হয়।
রাতে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর ই আলম সিদ্দিকী, যশোরের ডিআইজি প্রিজন টিপু সুলতান, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, কারাসুপার কামরুল ইসলামসহ বারোজন উপস্থিত ছিলেন।
খুলনা কারাগারের জেলার ফরহাদ জানান, বেলা ১২টার দিকে আরিফের স্ত্রী, দুই মেয়েসহ পরিবারের ১২ জন সদস্য আরিফের সঙ্গে জেল খানায় সাক্ষাৎ করেন। তারা সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন।
আদালত সূত্র জানায়, ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায়নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
চলতি বছরের ২৮ আগস্ট রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আরিফের করা আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত। ফলে আরিফের মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকে না।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী এসকে সাহা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে জেএমবি। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনের ফাঁসির আদেশ দেন। ইতোমধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ওই মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি নেতা আরিফ ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে গ্রেফতার হয়। এরপর আপিল করেন আরিফ। গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।
২০০৪ সালের ৯ মে খুলনা জেলা কারাগারে কুখ্যাত খুনি এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হয়। আজ জঙ্গি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
এর আগে ২০০৭ সালের ২৯ মার্চ এ মামলার আসামি জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুকের ফাঁসি কার্যকর করা হয়।











