বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহমদ শফীর নেতৃত্বাধীন কওমি কমিশনকে সক্রিয় করল সরকার

untitled-4_copyনিজস্ব প্রতিবেদক : কওমি মাদ্রাসা শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনকে’ আবারও সক্রিয় করেছে সরকার। তাদের দেওয়া প্রতিবেদন বর্তমান সময়ের আলোকে যুগোপযোগী করে সুপারিশ দিতে কমিশনকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তিন মাস সময় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ৯ অক্টোবর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কয়েক দিন আগে ইকরা বাংলাদেশের পরিচালক মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। যিনি আহমদ শফীর নেতৃত্বাধীন কমিশনের কো-চেয়ারম্যান। এই কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর খসড়া পর্যালোচনা করে ১৫ কর্মদিবসের মধ্যে শিক্ষাসচিবের কাছে মতামত বা সুপারিশ দিতে হবে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০১৫ সালের হিসাব অনুযায়ী, সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে পৃথক বিভিন্ন ধরনের বেসরকারি বোর্ডের অধীনে।

২০১২ সালে এসব কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক অস্থিরতা ও আহমদ শফীর নেতৃত্বাধীন অংশের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়। তখন কওমি মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় এবং কওমি মাদ্রাসা শিক্ষাসনদের সরকারি স্বীকৃতির লক্ষ্যে সুপারিশ দিতে ২০১২ সালে ১৭ সদস্যবিশিষ্ট ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করা হয়। এই কমিশনের নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাওলানা আহমদ শফী। কিন্তু কমিশন নিয়ে মতবিরোধ ও আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কর্মসূচি শুরু হলে এর জেরে তিনি এই কমিশন থেকে সরে যান। পরে কো-চেয়ারম্যান ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে কমিশন প্রতিবেদন তৈরি করে ২০১৩ সালের এপ্রিলে সরকারের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনে কওমি মাদ্রাসাশিক্ষাকে ছয় স্তরে বিন্যস্ত করে পরিচালনার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ স্তর মারহালাতুত তাকমিল বা দাওরায়ে ই-হাদিস স্তরকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দিতে বলা হয়। কওমি মাদ্রাসার স্বীকৃতির ক্ষেত্রে এমপিওভুক্ত না হওয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় হস্তক্ষেপ না করাসহ ছয়টি শর্ত দেওয়া হয়েছে প্রতিবেদনে।

পরে এই কমিশনের সুপারিশের আলোকে ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার জন্য একটি আইনের খসড়া ২০১৩ সালের অক্টোবরে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হলেও বৈঠকে বিবেচিত বিষয়ের (এজেন্ডা) তালিকা থেকে তা প্রত্যাহার করে নেয় শিক্ষা মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে তখন থেকেই সেটি স্থগিত হয়ে যায়। বিদ্যমান প্রেক্ষাপটে এখন এই খসড়া অধিকতর যুগোপযোগী করে সুপারিশ দিতে গত ২৭ সেপ্টেম্বর ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়।

কিন্তু এই কমিটি গঠনের পর নতুন করে আন্দোলনের হুমকি দেয় আহমদ শফীর নেতৃত্বাধীন অংশটি। তবে এবার তারা ভারতের দারুল উলুম দেওবন্দের আদলে স্বীকৃতি চেয়েছে। এমন প্রেক্ষাপটে আহমদ শফীর নেতৃত্বাধীন কমিশনকে সক্রিয় করল সরকার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ