যেভাবে রিশার খুনিকে পাকড়াও করে দুলাল
নিউজ ডেস্ক: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী সুরাইয়া আক্তার রিশার ঘাতক ওবায়দুল হককে ধরিয়ে দিয়েছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার মাংস বিক্রেতা দুলাল হোসেন। তিনি উপজেলার হরিণচড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। সোনারায় বাজারে প্রতিদিন সকাল থেকে ছাগলের মাংস বিক্রি করাই তার কাজ। বুধবার সকালে রিশার ঘাতক ওবায়দুলকে আটক করে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।–মানবজমিন।
দুলাল হোসেন জানান, বুধবার প্রতিদিনের ন্যায় সোনারায় বাজারে মাংস বিক্রির দোকান খুলতে আসেন। পার্শ্ববর্তী এক দোকানের বারান্দায় উদ্ভ্রান্তের মতো এক যুবককে বসে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যে ভ্যানে করে ওই যুবক নীলফামারীর দিকে রওনা হয়ে যান। এ সময়ের মধ্যে দুলালের সন্দেহ হতে থাকে। তিনি তার মোটরসাইকেল নিয়ে ওই যুবকের পিছু ধাওয়া করেন নীলফামারী ডোমার সড়কের খানাবাড়ী মসজিদের সামনে থেকে তাকে ধরে নিজের মোটর সাইকেলে তোলেন। তাকে সোনারায় বাজারে এনে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক নিজেকে ওবায়দুল পরিচয় দিয়ে জানায়, তার বাড়ী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মীরাটাঙ্গী গ্রামে। এতে দুলালের বিশ্বাস জন্মে সেই রিশার হত্যাকারী।
একপর্যায়ে তাকে চায়ের দোকানে সকালের নাস্তা খাওয়ায় দুলাল। এরই ফাঁকে ওবায়দুল তাকে জানান, সে ঢাকায় রিশা নামের এক স্কুলছাত্রীর ঘাতক। ঢাকা থেকে সে পালিয়ে এসেছে ডোমারে এক আত্মীয়ের বাসায়। মঙ্গলবার রাতব্যাপী পুলিশের অভিযান চললে সে রাতে বাঁশঝাড়ে কাটিয়ে দেয়। পুলিশি অভিযান শেষে সে সকালে পালানোর চেষ্টা করে। এরপরই দুলাল ডোমার থানা পুলিশকে ফোন দিলে ডোমার থানার এসআই ফজলুল হক ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওবায়দুলকে পুলিশের হাতে তুলে দেয়ার পর বুধবার বেলা ১২টার পরেই ডোমার থানা থেকে মাইক্রোবাসযোগে ওবায়দুলকে নিয়ে ডিএমপি’র রমনা জোনের এডিসি এইচএম আজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় নিয়ে যায়।
ওবায়দুলকে ধরিয়ে দেয়ায় সর্বত্র এখন দুলালের প্রশংসা। সুদূর আমেরিকা থেকে অনিক মোনাজাত সুফিয়ান নামে একজন ফেসবুকে দুলালের এই কীর্তিকে রাষ্ট্রীয় সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেছেন। হেলাল তার ফেসবুক আইডিতে লিখেছেন ডোমারবাসী যে খুনি বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না তার জলন্ত প্রমাণ দুলাল। এ রকম হাজার ডোমারবাসী দুলালের জন্য গর্ববোধ করছেন। কেউ ফেসবুকে তাবে অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪শে আগস্ট রাজধানীর উইলস ফাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রীজের কাছে রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮শে আগস্ট রোববার সে মারা যায়। রিশাকে ছুরিকাঘাত করার পরদিন তার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। রিশার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।











