ইসলামিক ফাউন্ডেশনের টাকায় মন্ত্রীপুত্রের নামে হাসপাতাল
বৈঠক সূত্র জানায়, ধর্মমন্ত্রীর ছেলে মরহুম ডা. মো. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের ১৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। এই ‘বোর্ড অব গভর্নসের পদাধিকার বলে সভাপতি ধর্মমন্ত্রী নিজেই।
জানা গেছে, মন্ত্রীর চাপে কমিটি এই অনুমোদন দিতে বাধ্য হয়েছে। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে কমিটির সদস্য সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ধর্মমন্ত্রী তার প্রয়াত ছেলে ডা. মো. মুশফিকুর রহমানের নামে হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে করা হচ্ছে।
এ সময় তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাতে একমত পোষণ করেন। তারা অফিশিয়ালি ইসলামিক ফাউন্ডেশনকে দিক নির্দেশনামূলক একটি পত্র দেয়ার জন্য অবহিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য বজলুল হক হারুন এমপি জাগো নিউজকে বলেন, বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে সংসদীয় কমিটি সিদ্ধান্ত দিয়েছিল। এরপর বোর্ড অব গভর্নস এর অনুমোদন দেয়।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, সরকারি অর্থ ব্যয়ে জাতীয় কোনো নেতার নামে হাসপাতাল করা যায়। কিন্তু এ ধরনের কাজ নীতিবিরুদ্ধ। তবুও কেউ কেউ চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্তে একমত হয়েছে।
এ বিষয়ে মন্ত্রীর মতামত জানার জন্য তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম অংশ নেন।
Jagonews24.com












