সেবা নিশ্চিতে কৃষকদের ট্যাব দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক : কৃষকদের তথ্য সম্বলিত পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে এবং প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই যাতে কৃষকরা বিভিন্ন সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে কৃষকদের ট্যাব দেবে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত সরকার ইতিমধ্যে কৃষি উন্নয়নে এই প্রকল্প চালু করেছে।

জানা গেছে, এই প্রকল্পের নাম হবে ‘ই-কৃষির মাধ্যমে কৃষি সমপ্রসারণ সেবা জোরদারকরণ ও ডিজিটাল ডকুমেন্টেশন’। এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরও ট্যাব সরবরাহ করা হবে। কৃষি ব্যবস্থাপনাকে তথ্যপ্রযুক্তির আওতায় আনতে সাড়ে ৫০০ কোটি টাকার এ প্রকল্পটি শীঘ্রই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান মো. মনজুরুল আনোয়ার।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২০ হাজার কৃষক লিডার বা রিসোর্স কৃষকদের ট্যাব দেয়া হবে। আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা), আইসিএম (সমন্বিত শস্য ব্যবস্থাপনা) ক্লাবের কৃষকরা এটা পাবেন। তাদের অ্যাপস ব্যবহারে প্রশিক্ষণও আমরা দেব।’
মনজুরুল আনোয়ার বলেন, কৃষকরা ট্যাবের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা ধরনের সেবা ঘরে বসে পাবেন। কৃষি অফিস বা অন্য কোথাও কৃষকদের যেতে হবে না। ট্যাবের মাধ্যমে কোন ফসল উৎপাদন করতে হবে, উৎপাদন সংক্রান্ত পরিকল্পনা ও বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য পাবে। ফসলের রোগবালাই ও এর প্রতিকারের বিষয়ে তথ্য পাবে। আবহাওয়া সংক্রান্ত তথ্যও কৃষক তাৎক্ষণিক পেয়ে যাবেন।
সেবা নিশ্চিতে কৃষকদের ট্যাব দেবে সরকার
ট্যাবে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে এবং এ বিষয়ে অ্যাপস তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কৃষি সমপ্রসারণ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
এদিকে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা থেকে জানা গেছে, এই প্রকল্পের আওতায় কৃষকদের ডাটাবেজও তৈরি করা হবে। প্রত্যেক কৃষককে একটি কার্ড দেয়া হবে। এ কার্ডে কৃষকের সব তথ্য থাকবে। ব্যাংকে গেলে এ কার্ড দিয়ে সে ঋণ নেবে, আর ভেরিফিকেশনের দরকার হবে না। এ ছাড়া উন্নয়ন সহযোগীরা জানতে পারবেন কৃষকের কী অবস্থা। কোন কৃষককে কী উন্নয়ন করা দরকার। আপাতত এক কোটি ৫৫ লাখ কৃষকের ডাটাবেজ তৈরি করা হবে। তবে সরকারের লক্ষ্য আড়াই কোটি কৃষকের ডাটাবেজ করা।
কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ট্যাবের দাম ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যাবের সঙ্গে ইন্টারনেট দেয়া না হলে উদ্দেশ্য সফল নাও হতে পারে। এজন্য কৃষকদের ইন্টারনেটের খরচও বহন করবে সরকার। কৃষি সমপ্রসারণ অধিদফতর এ প্রকল্পটি প্রণয়ন করে কৃষি মন্ত্রণালয়ের জমা দেয়।
প্রকল্প প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে ভারতে ই-কৃষি সমপ্রসারণ সেবা চালু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ই-কৃষি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো কাজ করছে। এর কোন সমন্বয় নেই। মূলত সরকার লোক ভাড়া করে এখন ই-কৃষি সেবা দিচ্ছে। খরচও বেশি। এ প্রকল্প বাস্তবায়িত হলে সেবাটা কৃষি সমপ্রসারণ কর্মকর্তারা দিতে পারবেন। এ প্রকল্পের মাধ্যমে আমরা ডিজটালি কো-অর্ডিনেটেড প্ল্যাটফরম করব।’
এ ছাড়া ভিডিও কনফারেন্সিং পদ্ধতি চালু করা হবে। এতে অধিদফতরের মহাপরিচালক কিংবা পরিচালকদের মাঠে যাওয়ার প্রয়োজন হবে না। যে কোনো মিটিং বা কোথাও ফসলের ক্ষয়ক্ষতি হলে তারা অফিসে বসে থেকেই তা দেখতে পারবেন।











