বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ মিলছে তবে আকারে ছোট

নিজস্ব প্রতিবেদক : এই মুহূর্তে সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে জেলেদের দাবি, সাগরে ধরা পরা বেশির ভাগ ইলিশ আকারে ছোট, ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের। যার কারণে সংখ্যায় বেশি হলেও ওজনে কম হওয়ায় খুব বেশি লাভবান হচ্ছেন না তারা।

illish_47541

বন্দর নগরীর ফিশারিঘাটে জেলেদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ মাছ ধরার ট্রলার এখন সাগরে। যারা বর্তমানে ঘাটে নোঙ্গর করে আছেন তারা মূলত জাল মেরামত ও রসদ জোগাড় করতেই সময় পার করছেন।

এদিকে ঝড় বাতাস ও সাগর উত্তাল হওয়ায় গভীর সাগরে যেতে পারছেন না অনেক জেলে। যার কারণে উপকূল এলাকায় মাছ ধরেই ফিরছেন জেলেরা। নগরীর ফিরিঙ্গি বাজারস্থ ফিশারি ঘাটে ভোর ৪ টা থেকে শুরু হয় মাছ বেচাবিক্রি।

সেখানে শনিবার প্রতি মণ ইলিশ আকার ভেদে বিক্রি হয়েছে সাত হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। ২০০-৩০০ গ্রাম ওজনের প্রতি মণ সাত হাজার টাকা, ৩০০-৪০০ গ্রাম নয় হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ১৪ থেকে ১৬ হাজার টাকা, ৫০০-৭০০ গ্রাম ৩০ থেকে ৩২ হাজার টাকা, ৭০০-৯০০ গ্রাম ৩২ থেকে ৩৪ হাজার এবং এক কেজির ওপরে হলে ৪০ থেকে ৪৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ফিশারিঘাটের ব্যবসায়ী ও জেলেরা আশা করছেন, আসছে অমবস্যায় আরো বেশি পরিমাণে ধরা পড়বে ইলিশ।

সাগরে ইলিশ শিকারী নোয়াখালীর বাসিন্দা জেলে আব্দুর রহিম জানান, প্রতিটি নৌকা ৫ থেকে ৬ দিনের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এখন বেশির ভাগ ট্রলার নিয়ে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। তাই অন্য সময়ের তুলনায় ঘাটে ট্রলারের সংখ্যা কম। হাতে গোনা যে কয়েকটি ট্রলার আছে এর মাঝিমাল্লারা ব্যস্ত জাল সংস্কার ও সাগরে থাকাকালের রসদ জোগাড় করতে। তিনি বলেন, সাগরে এখন ভালোই ইলিশ পাওয়া যাচ্ছে তবে আকারে ছোট। অনেক ইলিশের পেটে এখনও ডিম আছে। ইলিশ কম বেশি সারা বছর ডিম দেয়।

আরেক জেলে ইব্রাহিম জানান, গভীর সাগরে ইলিশ পাওয়া যায় বেশি। তবে ঝড় বাতাস আর সাগর উত্তাল হওয়ায় উপকূল থেকে বেশি দূরে যাওয়া যাচ্ছে না। সামনে জো (অমাবস্যায়)তে আরো বেশি ইলিশ ধরা পড়বে। মাছ বেশি ধরা পড়লে দাম কিছুটা কমবে।

একজন মাছ ব্যবসায়ী বলেন, সাগরে এখন ভালো মাছ পাওয়া যাচ্ছে। তবে এগুলো টং জালের মাছ। খেতে স্বাদ কম। ফিশিং বোটগুলো গভীর সাগর থেকে যে মাছ ধরে সেগুলো খেতে ভালো। আবহাওয়া খারাপ হওয়ায় ফিশিং বোট সাগরে যেতে পারছে না। যেতে পারলে আরো বেশি পরিমাণে মাছ ধরা পড়তো।

জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ছোট বড় সব ধরনের মাছ জালে ধরা পড়ছে। ছোট মাছ বেশি ধরা পড়ার কারণ হলো কিছু দিন আগেই মাছের প্রজনন মৌসুম শেষ হয়েছে। সামনে অক্টোবর মাসে আরো একটি প্রজনন মৌসুম আছে। আশ্বিন মাসের বড় পূর্ণিমার ৫ দিন পর থেকে ইলিশ মাছ ধরা ২৫ দিনের জন্য বন্ধ থাকবে। মাছ ধরা বন্ধ থাকার কারণে এখন আগের চেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে।