শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত পানিবন্দি মানুষ না খেয়ে

news-image

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সানাপাড়া গ্রামে শোঁ শোঁ করে পানি ঢুকছে। বাড়িঘর ছেড়ে লোকজন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল ও কপোতাক্ষের উপচেপড়া পানিতে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম তলিয়ে গেছে। পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বীজতলাসহ প্রায় দুই হাজার বিঘা জমির আমন ধান। প্রতিদিন পানি বাড়তে থাকায় ওই জনপদের মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ এলাকার উঁচু স্থানে, অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। তিন-চার দিন ধরে ত্রাণের অভাবে অভুক্ত আছে শতাধিক মানুষ। এলাকার বৃদ্ধ ও শিশুরা ভুগছে সর্দি-কাশিসহ পানিবাহিত নানা রোগে। গতকাল শুক্রবার তালা ও কলারোয়ার প্লাবিত এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। কলারোয়া উপজেলার দিয়াড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, 'সম্প্রতি ভারি বর্ষণে কপোতাক্ষ তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তিন-চার দিন ধরে উজান থেকে নেমে আসা ঢল নাব্যতা হারা কপোতাক্ষ ধারণ করতে না পারায় পানি তীরঘেঁষা গ্রামে ঢুকতে শুরু করে। পানিতে আমার এলাকার দিয়াড়া মাঠপাড়া, আবাদপাড়া, সানাপাড়া, মিরডাঙ্গা ও পাকুড়িয়ার প্রতিটি বাড়ির অর্ধেক পরিমাণ তলিয়ে গেছে। ইউনিয়নের ৬০০ পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পানিতে এলাকার ২৫টির মতো কাঁচা বাড়ি ধসে পড়েছে। ৩০ বিঘা জমির আমন ধানের বীজতলা, আগাম রোপণ করা ১০০ বিঘা জমির ধান ও ৫৫টির মতো মাছ চাষের পুকুরসহ ঘের ভেসে গেছে। তিন-চার দিন ধরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া অভুক্ত মানুষদের বরাদ্দ না থাকায় কোনো ত্রাণ সহায়তা প্রদান করা সম্ভব হয়নি।' দিয়াড়া সিনিয়র মাদ্রাসার পরিত্যক্ত ভবনে আশ্রয় নেওয়া রবিউল সানার স্ত্রী আলেয়া বেগম (৪২) বলেন, 'ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় চার সদস্যের পরিবার নিয়ে তিন দিন ধরে এখানে আশ্রয় নিয়েছি। রান্না করার জন্য ঘরে চাল-ডাল নেই। দুই বেলা শুকনো রুটি খেয়ে থাকতে হচ্ছে। কেউ কোনো সহায়তার জন্যও আসেনি।'

বাড়ি ছেড়ে আশ্রয় নেওয়া ওই ইউনিয়নের গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, ইনছার আলী, বাবলু, আতিয়ার রহমান, ওয়াজেদ আলীসহ অনেকে জানান, এলাকার প্রতিটি বাড়ি তিন থেকে সাত ফুট পর্যন্ত ডুবে আছে। ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। মাঠের ফসলও পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। গরু-ছাগলসহ সহায়-সম্বল নিয়ে তাঁরা ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন। কলারোয়ার জয়নগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ বলেন, 'পানির চাপে কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে আমার এলাকার উত্তর ক্ষেত্রপাড়া, দক্ষিণ ক্ষেত্রপাড়া, বেলেমাঠ ও মোল্যাপাড়ার বাড়িঘরে পানি উঠে গেছে। পানিতে ইউনিয়নের প্রায় ৭০০ বিঘা জমির ফসলসহ আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত ঢলের কারণে নদের উপচেপড়া পানিতে এলাকায় প্রতিদিন ১৪ ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি করে পানি বাড়ছে।'

উপজেলার যুগীখালী ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, 'আমার এলাকার ওফাপুর খালের জলকপাট ভেঙে চার দিন ধরে পানি কপোতাক্ষের কামারালী, তরুলিয়া, তালুন্দিয়া, যুগীখালী, আগুনপুর ও রাজনগর বিলে ঢুকছে। পানির তোড়ে এলাকার প্রায় দুই হাজার বিঘা জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বছর এসব বিলের কোনো জমিতে ধান রোপণ করা যাবে না।' কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, 'আমি এলাকার গরিব ও অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।' তালা সদর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, 'আমার ইউনিয়নের গোপালপুরে বাঁধ ভেঙে পানি আসছে খালে। এ ছাড়া তালার শালিকায় জোয়ারাধার প্রকল্পের (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম) বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে গ্রামে। ইতিমধ্যে কপোতাক্ষ নদের নতুন বাঁধের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে বড় আকারের ভাঙন। কপোতাক্ষ নদের পানি এখন নিয়ন্ত্রণকারী বাঁধ ভেঙে সংযোগ খাল দিয়ে ধেয়ে আসছে লোকালয়ে।' তালার ইসলামকাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন রায় বলেন, 'এই ইউনিয়নের দুটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। ফাটল সৃষ্টি হওয়া বাঁধ রক্ষা করতে না পারলে ইসলামকাটির ১৬টি গ্রাম ছাড়াও কুমিরা ও তেঁতুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হবে।'

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, 'বাঁধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।' এ বিষয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, 'কপোতাক্ষ নদের পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে-এমন খবর পেয়ে তালা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।' 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা