জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি পর্যায়ে কাজের নতুন সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশে মার্কিন বিনিয়োগের প্রসঙ্গে ক্রিস্টেনসেন বলেন, শেভরন দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের অর্ধেকের বেশি সরবরাহ করে। এ ছাড়া এক্সিলারেট দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে এবং জিই ভার্নোভা বিদ্যুৎ খাতে অবদান রাখছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এলএনজি ও এলপিজিসহ বিভিন্ন জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র ও আইবিএফবির লক্ষ্য অভিন্ন।
এ সময় পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্বচ্ছ শুল্কনীতি, ন্যায্য বিধিবিধান, শ্রমমানের উন্নয়ন এবং অশুল্ক বাধা কমানো হলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতের সম্ভাবনাময় প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে বলে জানান তিনি।
বক্তব্যের শেষে আইবিএফবির ২০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটিকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।











