গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি ও দাঙ্গা নিয়ন্ত্রণে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও বিশেষ প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতির সরাসরি চিত্র সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করছেন।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, পেশাদারিত্ব ও সংযম বজায় রেখে সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে।











